উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
সর্বোচ্চ গোলদাতা রোনালদো
প্রকাশ : ২৬ মে ২০১৩, ২১:৪০
চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হলেন রিয়াল মাদ্রিদ এবং পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি করেছেন ১০ গোল।
টুর্নামেন্টের সেমিফাইনালেই রিয়াল বিদায় নিলে, লেভানডস্কির সর্বোচ্চ গোলদাতা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। তবে গত শনিবার রাতের ফাইনালে বায়ার্নের বিরুদ্ধে একটি গোলও করতে পারেননি এই পোলিশ। ফলে দ্বিতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে। সুযোগ ছিল বায়ার্ন তারকা টমাস মুলারের জন্যও। তবে রোনালদোকে ধরতে তাকে করতে হতো চার গোল। বলা বাহুল্য রোনালদোকে ছোঁয়া সম্ভব হয়নি তার পক্ষেও।
অন্যদিকে টুর্নামেন্টটির গত চার আসরের সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা স্ট্রাইকার লিওনেল মেসি এবার করেছেন আটটি গোল। বার্সা সেমিফাইনালেই বিদায় নিলে নিশ্চিত হয়ে যায় এবার অন্তত একটি ক্ষেত্রে রোনালদোর চেয়ে পেছনেই থাকতে হচ্ছে তাকে। তবে ৪৬ গোল করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি এবারও পাচ্ছেন তিনিই।
সর্বোচ্চ পাঁচ গোলদাতা
রোনালদো (রিয়াল মাদ্রিদ) ১২
রবার্ট লেভানডস্কি (বরুশিয়া) ১০
বুরাক ইয়ালমাজ (গ্যালাতাসারে) ৮
টমাস মুলার(বায়ার্ন) ৮
লিওনেল মেসি (বার্সেলোনা) ৮