মেধাবী মুখ
প্রকাশ : ২৭ মে ২০১৩, ১৭:৪৪
মোঃ আতিকুর রহমান আকাশ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫সহ টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে হবে তা নিয়ে ২০১২ সালের প্রথম দিকে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তারপরও শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের দিক নির্দেশনা এবং আম্মু-আব্বুর নিবিড় তত্ত্বাবধানে পড়তে শুরু করলাম। ধীরে ধীরে নিজের উপর একটা আস্থা অনুভব করতে থাকি। আস্তে আস্তে পড়াশুনার গতি বৃদ্ধি করতে থাকি। ২০১৩ ইং সালে এসে পেলাম এক বছরের পরিশ্রমের ফল। আমি ২০১২ইং সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছি। আমার এই সাফল্যের পেছনে রয়েছে শিক্ষকবৃন্দের, আম্মু-আব্বুর সহযোগিতা এবং আমার কঠোর অনুশীলন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আমাকে ছয়টি বিষয়ের উপর পরীক্ষা দিতে হয়েছে। আমি ব্যাকরণ, রচনা ভালোভাবে পড়েছি। রচনায় উদ্ধৃতি, ইংরেজি প্রবাদ, কবিতায় লাইন বেশি ব্যবহার করেছি। আর অন্য একটি বিষয়ে গুরুত্ব দিয়েছি তা হল সুন্দর হাতের লেখায়। হাতের লেখা ভালো হলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া যায়। ইংরেজিতে Grammar অংশসহ Letter, Dialogue, Paragraph মনোযোগ সহকারে পড়েছি। আর হাতে লেখা সুন্দর করার জন্য অনুশীলন করেছি। গণিত ও গণিতের জ্যামিতির উপর গুরুত্ব দিয়েছি। এছাড়া সমাজ, বিজ্ঞান ও ধর্ম এ সকল বিষয়ে হাতের লেখা সুন্দর এবং কঠোর অনুশীলন করেছি। তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কোন ওভার রাইটিং (Over Writing) কাটাকাটি হয় নি, হাতের লেখা সুন্দর হয়েছে। আমি প্রতিটি বইয়ের প্রতিটি লাইন বুঝে বুঝে পড়েছি। দিনে ছয় থেকে সাত ঘণ্টা পড়েছি। প্রতিটি পড়া আমি বার বার লিখেছি। এতে আমার হাতের লেখা সুন্দর ও দ্রুত হয়েছে। আমার এ অনুশীলনের তত্ত্বাবধান করেছেন আমার আম্মু ও আব্বু। তাঁদের বিপরীতে কোন কাজ করিনি। আম্মু সবচেয়ে বেশি চিন্তা করতেন। প্রতিটি দিন তিনি আমার জন্য অতিবাহিত করেছেন। আমি কখনো সময়ের অপচয় করতাম না। সময়নুবর্তিতা, একাগ্রতা, কঠোর অনুশীলন,নিয়মিত লেখাপড়া করার কারণে আমি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করি।