গান শোনার নানা বাহার
প্রকাশ : ২৭ মে ২০১৩, ১৯:৫০
আমাদের চারপাশের বলতে গেলে সবাই এখন কানে হেডফোন দিয়ে আইপড, এমপি৩ অথবা মোবাইলে গান শুনছে। হেডফোনে গান শুনতে শুনতে প্রতিদিনের স্বাভাবিক কাজও করছে। এটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে। মুঠোফোনে গান শোনার জন্য ইয়ারফোনের চাহিদাই এখন সবচেয়ে বেশি। আবার কম্পিউটারে গান শোনার জন্য হেডফোনকেই এক নম্বরে রাখে তরুণেরা। কম্পিউটারে গান শোনার জন্যই শুধু নয়, আরও একটি বড় প্রয়োজনে আজকাল হেডফোনের কদর বেড়েছে। গান শোনার পাশাপাশি ইন্টারনেটে ইয়াহু মেসেঞ্জার, স্কাইপ, গুগলটকসহ বিভিন্ন সফটওয়্যারে বন্ধু বা আপনজনের সঙ্গে কথা বলার জন্যও ব্যবহার হচ্ছে হেডফোন। গান শোনার ক্ষেত্রে ভালো শব্দ পেতে অনেকেই আজকাল ভালো মানের হেডফোন কিনছেন। আবার ইন্টারনেটে কথা বলাটা সাবলীল রাখতেও ভালো মানের হেডফোন ব্যবহার হয়। হেডফোনের মধ্যে আবার রকমফের আছে। যারা গান শোনার সঙ্গে সঙ্গে কথা বলার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তারা মাইক্রোফোনসহ হেডফোন কিনতে পারেন। আবার যারা শুধুই গান শোনার জন্য হেডফোন ব্যবহার করতে চান, তাদের ক্ষেত্রে মাইক্রোফোন ছাড়া হেডফোনগুলোই ভালো।
অনেক হেডফোন ও ইয়ারফোন একাধারে কম্পিউটার, আইপড, এমপি থ্রি প্লেয়ার ও মুঠোফোনে ব্যবহার করা যায়। তবে এ ক্ষেত্রে হেডফোন বা ইয়ারফোনের পোর্টগুলো একই হতে হয়। যেহেতু হেডফোন বা ইয়ারফোন কানে লাগিয়ে ব্যবহার করা হয়, তাই ভালো মানের পণ্য ব্যবহার করা উচিত। কেননা ভালো মানের এসব পণ্য ছাড়া কানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
হেডফোন বা ইয়ারফোনের সঙ্গে কোমল আবরণ লাগানো থাকলে কানের ওপর চাপটা কম পড়ে ও কান গরম হয় কম। যারা অনেকক্ষণ ধরে এসব ব্যবহার করেন তাদের জন্য এই আবরণ সহায়ক।
ইয়ারফোন কিনতে আইডিবিতে এসেছেন দুই বন্ধু—হুমায়রা ও নজিয়া। তারা জানান, পছন্দের গানগুলো মনমতো করে শুনতে হেডফোনের তুলনা হয় না। আবার ইন্টারনেটে কথা বলার জন্য হেডফোনও ব্যবহার করেন তারা।
মূলত গানের শব্দ ঠিকমতো শুনতেই হেডফোন বা ইয়ারফোনের ব্যবহারের কথা বললেন তারা।
তবে এর অন্য একটি বড় সুবিধাও রয়েছে। চলার পথে বা বাসার সবার সামনে উচ্চ স্বরে গান শুনলে অনেকে বিব্রত বোধ করেন। সে ক্ষেত্রে ভালো সমাধান হেডফোন বা ইয়ারফোন। জোরে শোনার আনন্দ আছে, তেমনি মনের স্বাধীনতাও এখানে শতভাগ!
বাজারে গিয়েও এখন হেডফোন বা ইয়ারফোনের চাহিদার কথা বোঝা যায়। বিভিন্ন দোকানে নানা ব্র্যান্ডের এসব পণ্য পাওয়া যাচ্ছে। এসব ব্র্যান্ডের হেডফোন বা ইয়ারফোনের দাম নির্ভর করে মান, ব্র্যান্ড ও শব্দ শোনার ধরনের ওপর। বিভিন্ন মডেলের ডিজাইন ও রকমারি রঙের এসব পণ্য বাজারে পাওয়া যায়। হেডফোনের মধ্যে কোনোটার ব্র্যান্ড চিকন, কোনোটা আবার প্রশস্ত ধরনের। আবার সাদামাটা হেডফোন যেমন দেখা যায়, তেমনি বাঁকানো হেডফোনও মিলছে। কোনো কোনো হেডফোন আবার ভাঁজ করেও রাখা যায়। ইয়ারফোনেও নানা ধরনের রং ও বিচিত্রতা লক্ষ করা যায়।
ব্র্যান্ডের হেডফোনের মধ্যে ক্রিয়েটিভ ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হেডফোন পাওয়া যাচ্ছে ৭৫০ থেকে ১৪৫০ টাকার মধ্যে। এফোরটেক ব্র্যান্ডের হেডফোন পাওয়া যাচ্ছে ৫০০ থেকে ১২০০ টাকার মধ্যে। লজিটেকের বৈচিত্র্যময় হেডফোন পাওয়া যাচ্ছে ১২০০ থেকে ১২ হাজার টাকার মধ্যে।
এই ব্র্যান্ডের কিছু হেডফোন কম্পিউটারের গেম খেলার জন্যও ব্যবহূত হয়। ইনটেক্স ব্র্যান্ডের হেডফোন মিলছে ৪০০ থেকে ৬০০ টাকার মধ্যে। কসোনিক ব্র্যান্ডের হেডফোন পাওয়া যাচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকার মধ্যে। বাজারে নন ব্র্যান্ডের বিভিন্ন হেডফোন পাওয়া যাবে ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে।
এসবের মধ্যে তারহীন কিছু হেডফোন বাজারে পাওয়া যায়। সর্বোচ্চ ১০ মিটারের মধ্যে গান শোনার জন্য এই হেডফোনগুলো ব্যবহার করা যায়। এগুলোর দাম ৬০০ থেকে ৮০০ টাকা।
এ ছাড়া বিভিন্ন ইয়ারফোনের মধ্যে লজিটেক ব্র্যান্ডের দাম এক হাজার ২০০ টাকা, এই ব্র্যান্ডের আলটিমেট মডেলের ইয়ারফোনের দাম পড়বে এক হাজার ৩০০ টাকা থেকে দুই হাজার ৬০০ টাকা। অ্যালটেক ব্র্যান্ডের এয়ারফোনের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা।
ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের কম্পিউটার বাজারসহ বিভিন্ন কম্পিউটার পণ্যের দোকানে এসব পণ্য কিনতে পাওয়া যায়।
গান শোনা বা কথা বলার জন্য আপনার সঙ্গীও হতে পারে এসব হেডফোন বা ইয়ারফোন।
সতর্কতা
শব্দের মাত্রা বা ভলিউম এবং শোনার সময়—এ দুটো বিষয় হেডফোন ব্যবহারের সময় বিবেচনা করা দরকার। কারণ শ্রবণ নিরাপত্তা ব্যাহত করতে পারে এই দুটো জিনিস।
আইপড, এমপিথ্রি অথবা মোবাইলে সর্বোচ্চ ভলিউম বাজানো হলে এক সময় আপনার শ্রবণশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব যন্ত্রপাতি ব্যবহার করার ব্যাপারে কিছু পরামর্শ :
৯০ মিনিট ধরে শুনবেন, ভলিউমের শতকরা ৮০ ভাগ শক্তি।
আরো বেশি সময় গান শুনতে ভলিউমের শতকরা ৬০ ভাগ শক্তি ব্যবহার করতে হবে।
ভলিউম বাড়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বাইরের আওয়াজের তো আর অভাব নেই। এ ছাড়া সময়ের বিবর্তনে দেখা যাবে আপনি একটি নির্ধারিত ভলিউমে গান শোনায় অভ্যস্ত হয়ে পড়েছেন। এর চেয়ে বাড়ালে আপনার ক্ষতি হতে পারে।
মডেল সনিকা
দরদাম
হেডফোন কেনা নিয়ে বেশির ভাগ মানুষই কনফিউশনে থাকেন। তার মূল কারণ হলো দাম। একটা ল্যাপটপের দামের কাছাকাছি একটা হেডফোনের দাম। কোনটা রেখে কোনটা কিনি—এটা হওয়াই স্বাভাবিক। এখানে বাজারে প্রাপ্ত সবচেয়ে সেরা হেডফোনের তালিকা দেওয়া হলো। আপনার বাজেটের ভেতর খুঁজে নিতে পারেন একটি।
বোজ কোয়ায়েট কমফোর্ট ১৫—মূল্য :২৩৪০২ টাকা
বোজ কোয়ায়েট কমফোর্ট ৩—মূল্য :২৭৩০৩.১০ টাকা।
মনস্টার বিটস বাই ড. ড্রে স্টুডিও—মূল্য :২৩৩২৭.৯৮ টাকা
সনি MDR-NC200D ডিজিটাল—মূল্য :১৫৫২৫.৯৮ টাকা
বাওয়ারস অ্যান্ড উইলকিন্স C5—মূল্য :১৪০৩৯.৭০ টাকা
অডিও-টেকনিকা ATH-ANC1—মূল্য :৬২৩৭.৭০ টাকা
লজিটেক ব্র্যান্ডের এইচ—মূল্য :১৬০০ টাকা