তরুণদের মনোযোগ হারাচ্ছে ফেসবুক
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২০:০৪
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট হিসেবে সারা বিশ্বে ফেসবুকের জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন নেই। প্রথম ওয়েবসাইট হিসেবে ফেসবুকই পেরিয়ে গেছে ১০০ কোটি নিবন্ধিত গ্রাহকের ল্যান্ডমার্ক। আর এই বিপুল পরিমাণ অ্যাকাউন্টধারীর বড় একটি অংশই হচ্ছে তরুণ। তবে সাম্প্রতিক এক গবেষণায় বেরিয়ে এসেছে, তরুণদের মনোযোগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে ফেসবুক। অনেক তরুণই আগ্রহ হারাচ্ছে ফেসবুকের প্রতি। ফলে ফেসবুক ব্যবহার কমিয়ে দিচ্ছে বা বন্ধ করেও দিচ্ছে অনেকেই। ইমার্কেটার-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাসে ২৯ শতাংশ তরুণরা ফেসবুক আগের চাইতে কম ব্যবহার করেছে বা ব্যবহার বন্ধ করেছে। এর বাইরে আরও ৯ শতাংশ তরুণ পুরোপুরি বন্ধ করেছে ফেসবুকের ব্যবহার। ১৩ থেকে ১৭ বছরের মধ্যে প্রায় ৪৫ শতাংশই ফেসবুক ছেড়েছে একঘেয়ে হয়ে যাওয়ার কারণে। এর বাইরে ২৭ শতাংশ বিরক্ত হয়েছে অতিরিক্ত নোটিফিকেশনের কারণে। আবার বাবা-মা ফেসবুকে যোগ দেওয়াকে ১৬ শতাংশ তরুণরা ফেসবুক ব্যবহার বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছে। মজার বিষয় হচ্ছে, প্রাইভেসি বিষয়ে তরুণরা খুব বেশি চিন্তিত নয় বলেই জানিয়েছে এই গবেষণায়।