খেলোয়াড়দের নতুন দাবিতে সংকটে হকি
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:২৬
খেলোয়াড়রা প্রিমিয়ার ডিভিশনের দলবদলের ব্যাপারে গতকাল সোমবার নতুন দাবি তোলায় আরো জটিল হল হকি ফেডারেশন পরিস্থিতির।
হকি খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে জাতীয় দল ও অন্যান্য পর্যায়ের খেলোয়াড়রা এখন নতুন কিছু শর্ত দিয়ে জানিয়েছে এসব মেনে নেয়া না হলে ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে তারা কোন টুর্নামেন্টে খেলবে না। এসব শর্তের মধ্যে আছে কোন বড় দল যেন বিকেএসপির খেলোয়াড় নিয়ে দল গঠন করতে না পারে এবং বিদেশি খেলোয়াড়ের কোটা গতবারের চারজনের পরিবর্তে কমিয়ে তিনজন করতে হবে। এছাড়া দলবদলের ঘোষিত দিনক্ষণের ব্যাপারেও ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লার কাছে লিখিত নিশ্চয়তা চান খেলোয়াড়রা।
এই দাবিগুলোর প্রেক্ষিতে ফেডারেশন সম্পাদক বলেছেন, ‘দলবদলের তারিখ দিয়েছেন সভাপতি। এটা ওনার সিদ্ধান্ত। আমি লিখিত দিতে পারি না। কাজেই দাবি-দাওয়া নিয়ে সভাপতির সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।’ অপর দুটি দাবির ব্যাপারে তিনি জানান, সেগুলো ঠিক করবে লিগ কমিটি।
ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী রবিবার রাতে ক্লাবগুলোর সাথে বৈঠক করে আগামী ২-৪ জুলাই খেলোয়াড় দলবদলের সময় নির্ধারণ করেন। কিন্তু এই সিদ্ধান্তের উপর আস্থা রাখতে পারছেন না বলে জানিয়েছেন খেলোয়াড়রা।
জাতীয় দলের ফরোয়ার্ড রাসেল মাহমুদ জিমি বলেন, ‘আমরা তিন মাস আগে বলেছিলাম ফেডারেশন সভাপতির সাথে বসে দলবদলের সিদ্ধান্ত নিতে। কিন্তু এই সাধারণ সম্পাদক এবং ফেডারেশনের সভাপতির প্রতিনিধি বাধা দিয়েছেন। তারা কথা বলতে যাননি।’ ক্লাবগুলোর সভায় যে সিদ্ধান্ত হয়েছে, ‘সেটা লিগ কমিটির সিদ্ধান্ত নয়। লিগ কমিটির হলে সেটার প্রমাণ থাকে।’ জিমি তার বক্তব্যের শেষ দিকে বলেন, এই কমিটির অধীনে তারা হকির কোনো কার্যক্রমে থাকবেন না।’
জাতীয় দলের আরেক ডিফেন্ডার আসাদুজ্জামান চন্দন বলেন, খাজা রহমত উল্লার কমিটির অধীনে খেলবেন না।’ এ ব্যাপারে খাজা রহমত উল্লাহ বলেন, ‘ওরা দাবি করতেই পারে। আমরা আমাদের কাজ করব।’ খেলোয়াড়রা অভিযোগ করেন, রহমত জাতীয় দলের খেলোয়াড়দের অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছেন।
খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পি, জিমি, তুহিন, জাহিদ, মিমো, চন্দন, বিপ্লব, নান্নু, জন, ইকবাল নাদির প্রিন্স, কৌশিক, টিটু, রাহুল প্রমুখ খেলোয়াড় দাবি নিয়ে গতকাল বিকালে ফেডারেশনে সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন। কিন্তু লিখিত আবেদনে কারো স্বাক্ষর না থাকলেও খাজা রহমত উল্লাহ সেটাকে গুরুত্ব দিয়ে বলেছেন সভাপতির সাথে কথা বলব।’ তিনি বলেন, আমি আবাহনীর পক্ষ থেকে বলতে পারি আবাহনী সিনিয়র-জুনিয়র খেলোয়াড় নিয়ে দল গঠন করবে।’
এদিকে আগস্টে এশিয়া কাপ হকি হবে। খেলোয়াড়দের সম্ভাব্য বয়কট সম্পর্কে রহমত উল্লাহ জানান, তিনি আশা করেন তারা ফিরবে। না ফিরলে দল গঠনের জন্য উন্মুক্ত ট্রায়াল হবে। অপর এক প্রসঙ্গে তিনি দাবি করেন খেলোয়াড়রা হয়তো হকি ফেডারেশনের আসন্ন নির্বাচনের কোন পক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে থাকতে পারেন।