শিরোপা নিয়েই আইপিএলকে বিদায় বললেন শচিন

আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, তাই বিদায়ের মঞ্চ প্রস্তুতই ছিল। আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল জয়ের পরে এই বিদায়টাও হল উত্সবমুখর। চোটের জন্য ফাইনালে খেলতে না পারলেও দল মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমবারের মতো আইপিএলের শিরোপা জিতলো। আর এই শিরোপা দিয়েই আইপিএলকে বিদায় জানালেন শচিন টেন্ডুলকার । দু’বছর আগেও আইপিএলের ফাইনালে উঠেছিল মুম্বাই। তবে, সেবার গোটা টুর্নামেন্টে অসাধারণ খেলার পরেও এই চেন্নাই সুপার কিংসের কাছেই ফাইনালে হারতে হয় তাদের। সেবার মাঠ থেকেই অধিনায়ক শচিনকে দলের হার দেখতে হয়। এবার তাই না থাকলেও শিরোপা জয়ের আনন্দ তাকেও ছুঁয়ে গেল। আর এভাবেই আইপিএলে শেষ হয়ে গেল শচীন রমেশ টেন্ডুলকারের অধ্যায়। ওয়ানডে ক্যারিয়ারের মতোই একেবারে শেষ বেলায় এসে ট্রফিটা হাতে নিয়েই শেষ করতে পারলেন ক্যারিয়ার। কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ফাইনালে ২৩ রানে জয় পায় শচিনের দল। ফাইনালে নিজেদের ১৪৮ রানের মামুলি পুঁজির বিপরীতে চেন্নাইয়ের ইনিংস থামিয়ে দিল তারা ১২৫ রানে। বিতর্কে জর্জরিত আইপিএলের ষষ্ঠ আসরে এসে নতুন চ্যাম্পিয়ন হিসেবে আত্মপ্রকাশ করলো নতুন চেহারায় এবারের আইপিএলে নামা মুম্বাই। ইডেন গার্ডেনে দিনটাই আসলে ছিল বোলারদের। মুম্বাইয়ের ব্যাটসম্যানরা একদমই কোনো প্রতিরোধ গড়তে পারেনি। একমাত্র ওয়েস্ট ইন্ডিয়ান কিয়েরন পোলার্ড ৬০ রানের অপরাজিত ইনিংস খেলে যা মান বাঁচিয়েছেন। কিন্তু তারই স্বদেশী ডোয়াইন ব্র্যাভো ৪২ রানে ৪ উইকেট নিয়ে এবং অ্যালবি মরকেল ১২ রানে ২ উইকেট নিয়ে মুম্বাইয়ের ইনিংস আটকে দেন ২০ ওভারে ৯ উইকেটে ১৪৮ রানে। টি-টোয়েন্টিতে এটা সামান্য স্কোর। বিশেষ করে ধোনি, হাসি, ব্র্যাভোদের সামনে এটা বড় স্কোর হতেই পারে না। কিন্তু চেন্নাই শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে। এক পর্যায়ে ১১.৩ ওভারে ৫৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে তারা। এখান থেকে ধোনি ৬৩ রানের ইনিংস খেলে বের করে আসার চেষ্টা করেন। কাজ হয়নি। শেষ পর্যন্ত মালিঙ্গা, জনসন, হরভজনরা ২টি করে উইকেট নিয়ে ১২৫ রানে আটকে দেন চেন্নাইয়ের ইনিংস। গত বছরের শেষ দিকেই এসে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার বলে বিবেচিত টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। তারপর থেকে একদিকে টেস্ট, আরেকদিকে আইপিএল খেলা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু বয়স আর সমর্থন দিচ্ছিল না। রবিবার তাই সংবাদ সম্মেলনে বলে দিলেন, ‘এটা আমাদের সেরা আইপিএল মৌসুম। একসময় মনে করতাম, তৃতীয় আইপিএলটাই সবচেয়ে ভালো গেছে। কিন্তু শিরোপা জয়ের চেয়ে বড় আর কিছু হয় না। এটাই সেরা সময় চলে যাওয়ার। এটাই আমার শেষ আইপিএল। বয়স চল্লিশ হয়ে গেছে। আমাকে এখন এটা মেনেই নিতে হবে। আর আইপিএলে খেলব না।’ অবসরের আগে ৭৮টি আইপিএল ম্যাচ খেলে ৩৪.৮৩ গড়ে ২৩৩৪ রান করেছেন টেন্ডুলকার। আইপিএলে এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি রয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে শুরুতেই সরে দাঁড়ালেও এই ফরম্যাটেও যে তিনি কম যান না, সেটাই প্রমাণ করেছেন আইপিএলে। টেন্ডুলকারের সামনে সুযোগ ছিল আগামী মৌসুমে চ্যাম্পিয়ন দল হিসেবে মুম্বাইতে মৌসুমের প্রথম ম্যাচটা খেলার। কিন্তু সে লোভ সংবরণ করেছেন তিনি। বলেছেন, ‘আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সিদ্ধান্তে খুশি।’ কিন্তু ভক্তরা হয়তো তাকে মাঠে দেখতে পারলেই বেশি খুশি হতেন!