লেভানডস্কির আরো কাছে বায়ার্ন

বরুশিয়া ডর্টমুন্ড স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি এ মৌসুম শেষেই যোগ দিচ্ছেন মাত্রই চ্যাম্পিয়ন্স লিগ জেতা বায়ার্ন মিউনিখেই। এখনো পর্যন্ত চুক্তি সাক্ষরিত না হলেও চূড়ান্ত হয়ে গেছে প্রায় সব কিছুই। আর কথা বলেছেন লেভানডস্কির এজেন্ট সিজারি কুচরাস্কি। স্থানীয় টিভি চ্যানেল টিভিএন ২৪ কে গতকাল সোমবার দেয়া এক বিবৃতিতে একথা বলেন। কুচরাস্কি বলেন,‘আমাদের জন্য এটা পরিস্কার। তবে আমরা এখনো কিছু সাক্ষর করিনি। (আগে) দুই ক্লাবের মধ্যে একটা সমঝোতা হতে হবে।’ পোলিশ স্ট্রাইকারের এজেন্ট আরো বলেছেন, তিন সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে সবকিছু জানা যাবে। বরুশিয়া ছেড়ে লেভানডস্কি চিরপ্রতিদ্বন্দি বায়ার্নে যোগ দিচ্ছেন, এমন কথা শোনা যাচ্ছে বহু দিন ধরেই। আর এই গুঞ্জন নতুন মাত্রা বায়ার্নের বিদায়ী কোচ জাপ হেইঙ্কসের বক্তব্যের পর। হেইঙ্কস গত শনিবার বলেন,‘আমরা জানি মারিয়ো গোয়েটশে আমাদের সঙ্গে যোগ দিচ্ছে। আমার মনে হয় না, লেভানডস্কির ব্যাপারটাও খুব বেশী দিন ঝুলে থাকবে।’