সেঞ্চুরি’র পথে বার্সেলোনা
প্রকাশ : ২৭ মে ২০১৩, ২১:২৭
এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালটা দর্শক হিসেবে দেখতে হল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে। স্বাভাবিকভাবেই ইউরোপের এই বড় দু’দলের জন্য ব্যাপারটা খুবই হতাশার ছিল। এখন আর এদের চলতি মৌসুম থেকে তেমন বড় কোনো অর্জনের সম্ভাবনাও নেই। রিয়াল মাদ্রিদের তো সব শিরোপার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। আর লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে আছে বার্সেলোনার।
তাই রবিবারের লা লিগা ম্যাচগুলো এই দুটি দলের জন্য ছিল নিয়মরক্ষার ম্যাচ। এর মধ্যে বার্সেলোনার এক রেকর্ড স্পর্শ করার লক্ষ্য আছে। এদিন জয় পাওয়ায় সেই ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ডের পথেই আছে বার্সা।
রবিবার রাতে দু’রকম ফল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। এসপানিওলের মাঠে স্বাগতিকদের ২-০ গোলে হারিয়ে এসেছে বার্সেলোনা। উল্টো দিকে উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়েল সোসিয়েদাদের বিপক্ষে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
এই জয়ের ফলে ৩৭ ম্যাচে ৯৭ পয়েন্ট নিয়ে নিশ্চিত শিরোপার দিকে আরও এগিয়ে গেল বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে আরও একটু পিছিয়ে পড়ল। লাভ হল সোসিয়েদাদের; ৬৩ পয়েন্ট নিয়ে তারা টিকিয়ে রেখেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন।
শহর প্রতিদ্বন্ধীদের বিপক্ষে প্রথম একাদশে চার জন নিয়মিত খেলোয়াড়কে বাইরে রেখে খেলতে নেমেছিল টিটো ভিলানোভার বার্সেলোনা। একক স্ট্রাইকার হিসেবে খেলেছেন সেস ফ্যাব্রিগাস। অ্যালেক্সি সানচেজ ফিরেছেন একাদশে।
কিন্তু তাতে জিততে সমস্যা হয়নি বার্সেলোনার। শুরু থেকেই যথারীতি বলের দখল রেখে খেলতে থাকা বার্সা ১৪ মিনিটে সানচেজের গোলে এগিয়ে যায়। এরপর বেশ কয়েকটা সুযোগ পেয়েছিল তারা, তবুও গোল হয়নি। শেষ পর্যন্ত খেলার শেষ ৪ মিনিট আগে ফ্যাব্রিগাস ব্যবধান দ্বিগুণ করেন।
এই জয়ের ফলে এখন বার্সেলোনা এক মৌসুমে একশ’ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদের রেকর্ড স্পর্শ করার পথে আছে। সে জন্য আগামী সপ্তাহে লিগের শেষ ম্যাচেও জয় পেতে হবে বার্সেলোনাকে।
বার্সেলোনার জন্য রাতটা ভালো গেলেও সেই রিয়াল মাদ্রিদের জন্য ভালো যায়নি। আক্রমণ-প্রতিআক্রমণে ঠাসা ম্যাচে প্রথমার্ধে একটাই গোল হয়েছে। ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। এরপর দ্বিতীয়ার্ধে অর্থাত্ ৫৭ মিনিটে হোসে কালেজন ব্যবধান দ্বিগুণ করেন কাকার পাস থেকে। তখন মনে হচ্ছিল, অন্তত জয় নিয়েই মাঠ ছাড়বে মাদ্রিদ। কিন্তু খেলার মজা শুরু হল ৬৪ মিনিটে সোসিয়েদাদ পেনাল্টি পাওয়ায়। পেনাল্টি থেকে ব্যবধান কমান জাবি পিরিয়েতো। ৭৮ মিনিটে সমতায় ফেরান জিরেজম্যান।
এরপরও রিয়াল জয় দেখতে পাচ্ছিল। ৮০ মিনিটে মেসুজ ওজিলের পাস থেকে স্যামি খেদিরা গোল করে আবার এগিয়ে দেন মাদ্রিদকে। কিন্তু এই আনন্দ ধরে রাখতে পারেনি তারা। ইনজুরি টাইমের ৩ মিনিটে সোসিদেয়াদকে আবারও সমতায় ফেরান পিরিয়েতো।
এদিকে দিনের অন্য ম্যাচে গ্র্যানাডাকে ১-০ গোলে হারিয়ে ৬৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নস লিগের পথে এক পা দিয়ে রেখেছে ভ্যালেন্সিয়া। এখন ১ জুন লা লিগার শেষ রাউন্ডে ঠিক হবে ভ্যালেন্সিয়া, নাকি সোসিদেয়াদ; কারা চতুর্থ দল হিসেবে যাবে চ্যাম্পিয়নস লিগে। টুর্নামেন্টে লা লিগার বাকী তিন দল হল-বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ।