ফ্রেঞ্চ ওপেন

প্রত্যাশিত জয় পেল ফেভারিটরা

ক্লে কোর্টের একমাত্র গ্র্যান্ডস্ল্যাম ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় দিনে গতকাল সোমবার নিজ নিজ খেলায় জয় পেয়েছেন ফেভারিটদের প্রায় সবাই। পুরুষ এককে প্রত্যাশিত জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল, জো-উইলফ্রেড সোঙ্গা এবং জাপানের কেই নিশিকরি। অন্যদিকে মহিলা এককে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছেন চতুর্থ এবং পঞ্চম বাছাই অগনেইস্কা রাদওয়ানস্কা এবং লি না। নাদাল ৪-৬, ৭(৭)-৬(৪), ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন ব্র্যান্ডসকে। প্রথম রাউন্ডে গতকাল সোঙ্গার প্রতিপক্ষ ছিলেন স্লোভেনিয়ার আলিয়াজ বেদেনে। তবে ষষ্ঠ বাছাই সোঙ্গার বিরুদ্ধে কঠিন কোন বাধা সৃষ্টি করতে পারেননি বেদেনে। স্বাগতিক দর্শকদের সমর্থনপুষ্ট সোঙ্গা ৬-২, ৬-২, ৬-৩ গেমে সহজেই পরাজিত করেন তাকে। অন্যদিকে জাপানের নিশিকরির প্রথম রাউন্ডের প্রতিপক্ষ ছিলেন কানাডার জেসি লেভিন। তবে অবাছাই লেভিন বড় কোন সমস্যা হয়ে উঠতে পারেননি নিশিকরির সামনে। ৬-৩, ৬-২, ৬-০ গেমে তাকে হারিয়েছেন ১৫তম বাছাই এই জাপানিজ। এছাড়া এই রিপোর্ট লেখার সময় স্পেনের নিকোলাস আলমেগ্রো এবং আন্দ্রেস হেইডার মাউরারের মধ্যকার ম্যাচটি চলছিল। প্রথম সেটটি মাউরার জিতলেও পরের দুইটি সেট জিতে নিয়ে ম্যাচে ২-১ সেটে এগিয়ে ছিলেন আলমেগ্রোই। অন্যদিকে মহিলা এককে সরাসরি সেটে জয় পেয়েছেন রাদওয়ানস্কা এবং লি না। রাদওয়ানস্কা ইসরাইলের সাহার পিয়ারকে হারিয়েছেন ৬-১, ৬-১ গেমে। অন্যদিকে চীনের লি না স্পেনের অ্যানবেল মেদিনা গ্যারিগুয়েজকে হারিয়েছেন ৬-৩, ৬-৪ গেমে। এছাড়া দিনের অন্য ম্যাচে ইটালির রবার্তা ভিঞ্চি তার ফরাসি প্রতিপক্ষ স্তেফানি ফরেটজকে হারিয়েছেন ৬-৩, ৬-০ গেমে।