পূর্ণাঙ্গ হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম
এক্সবক্স ওয়ান
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:১৪
গেম কনসোল হিসেবে জনপ্রিয়তায় পিছিয়ে ছিল না মাইক্রোসফটের এক্সবক্স। সনির প্লেস্টেশন কিংবা নিনটেনডোর কনসোলগুলোর সাথে পাল্লা দিয়ে সমানতালে বিক্রি হয়েছে এক্সবক্স। তবে সময়ের সাথে সব ধরনের ডিভাইসের সংজ্ঞাই পাল্টে যাচ্ছে। গেম কনসোলের ক্ষেত্রেও ঠিক এই ধরনের চিন্তাই করেছে মাইক্রোসফট। তারা তাদের এক্সবক্সকে নিছক একটি গেম কনসোল হিসেবেই সীমাবদ্ধ রাখতে চায়নি। আর তারই ফলশ্রুতিতে এক্সবক্সের সর্বশেষ সংস্করণ ‘এক্সবক্স ওয়ান’কে মাইক্রোসফট বলছে কমপ্লিট হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম। গেম কনসোলের বাইরেও তাই এতে যুক্ত হয়েছে সেট-টপ বক্স সুবিধা। এ ছাড়া এর প্রসেসরের সাথে গ্রাফিক্স ইউনিট, এইচডিএমআই পোর্ট, ব্লুরে প্রভৃতি সুবিধা একে গেম কনসোলের বাইরেও নতুন এক ডিভাইসে পরিণত করেছে। দীর্ঘদিন ধরে প্রযুক্তি বিশ্বে এটি নিয়ে আলোচনা চললেও অবশেষে গত সপ্তাহে এটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে মাইক্রোসফট। নতুন এই এক্সবক্সের স্পেসিফিকেশন ও ফিচার তুলে ধরা হলো এই লেখায়।
প্রসেসর
আগের এক্সবক্সগুলোর তুলনায় সম্পূর্ণ ভিন্ন ধরনের আর্কিটেকচারে তৈরি হয়েছে এক্সবক্স ওয়ান। এতে ৮৬ সিরিজের প্রসেসর ব্যবহার করা হয়েছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, এতে এএমডি’র যে প্রসেসর ব্যবহার করা হয়েছে, তাতে কোর রয়েছে ৮টি! ২৮ ন্যানোমিটারের এই প্রসেসরের জন্য বিদ্যুত্ লাগে ১০০ ওয়াট। এই প্রসেসরের সাথে একটি জিপিইউ (গ্রাফিক্স প্রসেসিং ইউনিট)ও রয়েছে। ডিরেক্ট এক্স ১১.১ সমর্থিত এই হার্ডওয়্যার কেবল ১০৮০ পিক্সেলের হাই ডেফিনেশন ভিডিও সমর্থন করে না, বরং এটি ৪০০০ পিক্সেল পর্যন্ত আল্ট্রা হাই ডেফিনেশন ভিডিও সমর্থন করে।
মেমোরি
মেমোরি হিসেবে এক্সবক্স ওয়ানে ব্যবহার করা হয়েছে ডিডিআর৩ মানের ৮ গিগাবাইট র্যাম। যেকোনো রেজ্যুলেশনের ভিডিও এবং গেমের জন্য এই র্যামকে পর্যাপ্ত বলেই মনে করে থাকেন বিশেষজ্ঞরা।
স্টোরেজ
প্রসেসর বা মেমোরির মতো স্টোরেজেও পিছিয়ে নেই এক্সবক্স ওয়ান। এতে স্টোরেজ হিসেবে দেওয়া রয়েছে ৫০০ গিগাবাইটের হার্ডডিস্ক। অবশ্য এই হার্ডডিস্কের গতি কত আরপিএম, সে সম্পর্কে কোনো তথ্য জানায়নি মাইক্রোসফট। ৫০০ জিবি হার্ডডিস্ককেও যথেষ্ট বলে মনে করেন গেম বিশেষজ্ঞরা। আর হাই-এন্ড সব গেমের জন্য গেম ডিস্ক তো রয়েছেই।
কানেক্টিভিটি
বিভিন্ন ধরনের কানেক্টিভিটি অপশন রয়েছে এক্সবক্স ওয়ানে। এর মধ্যে শুরুতেই আসবে এইচডিএমআই-ইন এবং ওয়াই-ফাই ডিরেক্টের কথা। যেকোনো ধরনের সেট-টপ বক্সের সাথে ব্যবহার করা যাবে এইচডিএমআই-ইন। আবার ওয়াই-ফাই ডিরেক্ট একে ওয়্যারলেস নেটওয়ার্কে সংযুক্ত রাখবে সার্বক্ষণিকভাবে। এর বাইরেও এতে রয়েছে ইথারনেট পোর্ট, যার মাধ্যমে একে ব্রডব্যান্ড ইন্টারনেটের সাথে সহজেই সংযুক্ত করা যায়। এ ছাড়া এক্সবক্স ওয়ানে ইউএসবি ৩.০ পোর্ট রয়েছে।
অডিও/ভিডিও
অডিও-ভিডিও’র ক্ষেত্রে সর্বোচ্চ পারফরম্যান্সটিই দিতে পারবে এক্সবক্স ওয়ান। এটি ৭.১ পর্যন্ত সারাউন্ড সাউন্ড উপহার দিতে সক্ষম। আর ভিডিও’র ক্ষেত্রে আগেই বলা হয়েছে, ১০৮০ পিক্সেল এইচডি ভিডিও’র পাশাপাশি এটি ৪কে পর্যন্ত ভিডিও সমর্থন করে। সেক্ষেত্রে সর্বাধুনিক যেসব ৪কে টিভি আছে বাজারে, সেগুলোর সমমানের ভিডিও এটি উপহার দিতে সক্ষম।
কাইনেক্ট
নতুন এবং আপডেট কাইনেক্টের সাথেই বাজারে আসবে এক্সবক্স ওয়ান। নতুন এই কাইনেক্টে মোশন ট্র্যাকিং সেন্সরে রয়েছে ২,৫০,০০০ পিক্সেল ইনফ্রারেড ডেপথ। ফলে আগের চাইতেও নিখুঁতভাবে এটি শরীরের গতিবিধি সনাক্ত করতে পারবে।