পাঁচ কোটি টাকায় অ্যাপল-১!
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২১:১৫
১৯৭৬ সালে বাজারে আসা অ্যাপল-১কে বলা যায় এক যুগান্তকারী ডিভাইস। এখনকার সময়ে আইফোন বা আইপ্যাড দিয়েই অ্যাপল’র পরিচিতি ছড়িয়ে পড়লেও প্রযুক্তির ইতিহাস বদলে দিতে অ্যাপল যেসব প্রযুক্তি পণ্য বাজারে এনেছে, তার মধ্যে অন্যতম একটির নাম অ্যাপল-১।
কম্পিউটারকে তখনও মনে করা হত কেবল গবেষণার জন্য সীমাবদ্ধ একটি যন্ত্র হিসেবেই। বিজ্ঞানীরাই কেবল কম্পিউটার ব্যবহার করতেন তাদের নানা ধরনের গবেষণায়। সাধারণ মানুষের নিত্যদিনের ব্যবহার্য কোনো ডিভাইস হিসেবে কম্পিউটার যে বাজারে আসতে পারে, এটা প্রথম বুঝিয়ে দেয় অ্যাপল। সত্তরের দশকে স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক জুটির উদ্যোগে গড়ে তোলা অ্যাপল শুরু থেকেই চেয়েছে সাধারণ মানুষের হাতের নাগালে কম্পিউটারকে পৌঁছে দিতে। আর তাদের ঐকান্তিক গবেষণার ফসল হিসেবেই ১৯৭৬ সালে বাজারে আসে অ্যাপল-১। স্টিভ জবস-এর বাড়ির গ্যারেজে প্রথম যে ৫০টির মতো কম্পিউটার তৈরির মাধ্যমে অ্যাপল যাত্রা শুরু করেছিল, সেগুলোই ছিল অ্যাপল-১। এর পরেও অবশ্য আরও দেড়শ অ্যাপল-১ তৈরি করা হয়। তবে প্রথমবারে গ্যারেজে তৈরি সেই অ্যাপল-১ পিসিগুলো ছিল স্টিভ জবস আর স্টিভ ওজনিয়াক জুটির প্রথম আবির্ভাব।
আজ থেকে প্রায় ৪০ বছর আগের সেই অ্যাপল-১কে নিয়ে হঠাত্ এত কথার প্রয়োজন কী, এমন প্রশ্ন উঠতেই পারে কারও কারও মনে। এমনিতে অবাক হওয়ার কথা থাকলেও এটা জেনে অবাক হওয়ার মাত্রাও পেরিয়ে যেতে পারে যে এতদিন পরে এসে সেই অ্যাপল-১ কম্পিউটারটিই বিক্রি হয়েছে পাঁচ কোটি টাকারও বেশি দামে! হ্যাঁ, চোখের ভুল নয়; সংখ্যাটি পাঁচ কোটিই। সম্প্রতি এক নিলামে এই বিপুল অংকের টাকা খরচ করে সেই আদ্যিকালের অ্যাপল-১ কিনে নিয়েছেন এশিয়ার নাম না জানানো এশিয়ার একজন ব্যক্তি। প্রথম তৈরি অ্যাপল-১-এর ৪৬টির মতো সন্ধান পাওয়া যায় বর্তমানে। এর মধ্যে আবার মাত্র ছয়টি রয়েছে সচল। এই ছয়টি অ্যাপল-১-এর একটিই নিলামে উঠেছিল জার্মানিতে। আর সেটি নিলাম শেষে বিক্রি হয়েছে ৫ লক্ষ ইউরো বা ৬ লক্ষ ৭১ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি টাকায় এর মূল্যমান দাঁড়ায় ৫ কোটিরও বেশি। অ্যাপল’র এই দুষ্প্রাপ্য কম্পিউটারটি এতদিন ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ফ্রেড হ্যাটফিল্ডের কাছে। হ্যাটফিল্ডের কাছে অবশ্য এই কম্পিউটার ছাড়াও স্টিভ জবস স্বাক্ষরিত একটি চিঠিও পাওয়া গেছে, যাতে ৪০০ ডলারের বিনিময়ে এই অ্যাপল-১ বদলে অ্যাপল-২ দেওয়ার প্রস্তাবনা ছিল। হ্যাটফিল্ড সেই প্রস্তাবে রাজি হয়নি বলেই এতদিন পরেও সন্ধান মেলে সেই প্রথম প্রজন্মের অ্যাপল কম্পিউটারের আর তাতে গড়ে নতুন রেকর্ড।
নিলামে যে অ্যাপল-১ বিক্রি হয়েছে, তা মূলতই একটি মাদারবোর্ড। অ্যাপল’র সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের স্বাক্ষর করা এই মাদারবোর্ডটির জন্য পাঁচ কোটি টাকা খরচ করাকে অনেকেই স্বাভাবিক মনে না করলেও ঐতিহাসিক একটি ডিভাইস হিসেবে প্রযুক্তি বিশ্বের কাছে এর মূল্য অপরিসীম। আর তাই এই বিপুল পরিমাণের অংককে ঠিক অস্বাভাবিক মনে করার কারণ নেই। কেননা গত বছরেও নিলামে এর মতোই একটি অ্যাপল-১ বিক্রি হয়েছিল ৬ লক্ষ ৪০ হাজার ডলারে।