মাদারীপুরে পূর্ব বিরোধের জের ধরে সোহেল (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মজুমদার বাজারে এ ঘটনা ঘটে।
নিহত সোহেল বাজিতপুর গ্রামের মৃত খালেক হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, নির্বাচন ও ব্যক্তিগত বিষয় নিয়ে বাজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে সোহেলের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
আরো পড়ুন : বাঘায় 'বন্দুকযুদ্ধে' ১০ মামলার আসামি নিহত, ৯ পুলিশ আহত
সোহেলের বড় ভাই বাবু হাওলাদার বলেন, ‘পূর্ব পরিকল্পিতভাবে চেয়ারম্যান ও তার লোকেরা আমার ভাইকে বাজারে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া জানান, অভ্যন্তরীণ কলহের জের ধরে চেয়ারম্যান ও তার লোকেরা সোহেলকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ইত্তেফাক/ইউবি