‘বন্দনা’কবিতার শ্রেণিশিক্ষা আলোচনা
প্রকাশ : ৩১ মে ২০১৩, ১৭:৫৩
নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শাহ মুহম্মদ সগীর রচিত ‘বন্দনা-’ কবিতাটি বুঝানোর জন্য শিক্ষক শ্রেণিকক্ষে যেভাবে বক্তব্য দিতে পারেন এবং তোমরা কবিতাটির মূলভাব অনুধাবন করতে পার, সেভাবে তোমাদের জন্য শ্রেণিশিক্ষা পর্বে কবিতাটির মর্মকথা তুলে ধরেছেন কবি কামাল মুহম্মদ
কবি সম্পর্কে প্রাথমিক ধারণা:
মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি হলেন শাহ মুহম্মদ সগীর। ধারণা করা হয়, তিনি ১৪-১৫ শতকের কবি ছিলেন। গৌড়ের সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৪৮৯-১৪১১ খ্রিষ্টাব্দ) ইউসুফ জুলেখা কাব্যটি লিখেন। মনে করা হয় ইউসুফ জুলেখা পঞ্চদশ শতকের প্রথম ভাগেই রচিত হয়েছিল। কাব্যের রাজবন্দনায় ‘মহামতি গ্যাছ’ বলে যাঁকে উল্লেখ করা হয়েছিল তিনি গিয়াসউদ্দিন আজম শাহ। ‘শাহ’ উপাধি থেকে অনুমান করা হয় কবি শাহ মুহম্মদ সগীর কোনো দরবেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের প্রয়োগ দেখে ড. মুহম্মদ এনামুল হক তাঁকে চট্টগ্রামের অধিবাসী বলে ধরে নিয়েছেন। কবি তার কবিতার রাজবন্দনায় উল্লেখ করেছেন, ‘মুহম্মদ সগীর তান আজ্ঞার অধীন’—এ কথা থেকে ধারণা করা হয় তিনি হয়ত সুলতানের কর্মচারী ছিলেন। অথবা কাব্যচর্চায় কবি শাহ মুহম্মদ সগীর সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তিনি দেশীয় ভাষায় ইউসুফ জুলেখা কাব্যের মধ্য দিয়ে ধর্মীয় উপাখ্যানই বর্ণনা করতে চেয়েছিলেন। কিন্তু কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। শাহ মুহম্মদ সগীরের কাব্যের ভেতর মানবিক গুণের প্রকাশ ঘটেছে অবলীলায়। তাঁর কাব্যের শিল্পমূল্যও তুলনাহীন।
শ্রেণিশিক্ষা: শাহ মুহম্মদ সগীর রচিত ‘বন্দনা’ কবিতাটি সংগৃহীত হয়েছে ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে। ইউসুফ জুলেখার বন্দনাটি অনেক দীর্ঘ। এখানে সংক্ষিপ্ত আকারে পাঠ্য করা হয়েছে। আমরা লক্ষ্য করি কবি শাহ মুহম্মদ সগীর তার ‘বন্দনা’ কবিতায় গুরুজনদের প্রতি কীভাবে ভক্তি করা উচিত তার চমত্কার বর্ণনা দিয়েছেন এখানে।
আমরা দেখি প্রথমে কবি শাহ মুহম্মদ সগীর মহান আল্লাহ তালার মহীমাগুণ প্রকাশ করেছেন তার বন্দনায়। কেননা মহান আল্লাহ তালার ইশারাতেই এই পৃথিবীর সৃষ্টি হয়েছে।
আল্লাহ তালার পরেই কবি মা-বাবার স্থান দিয়েছেন, তিনি বলেছেন—তাদের দয়াতেই এ পৃথিবীতে সন্তানের জন্ম। এবং শুধু জন্ম দিয়েই মা-বাবার দায়িত্ব শেষ হয়নি। তাদের মমতা আর অপার স্নেহে লালন-পালন করেছে আমাদেরকে। আমরা যখন শিশু ছিলাম তখন আমরা অতি দুর্বল ছিলাম, নিজে কিছু করার সামর্থ্য ছিল না। মা শত কষ্ট করে তার সন্তানকে বুক দিয়া আগলে রেখেছে। পিঁপড়ার ভয়ে মাটিতে রাখে নাই। আর পিতা নিজে না খেয়ে না পরে সন্তানকে পরায়েছে। এভাবে সন্তানের প্রতি মা-বাবার মমতার চিত্রটি ফুটে উঠেছে এই কবিতায়। পুনরায় কবি শাহ মুহম্মদ সগীর মাতা-পিতার পর গুরুকেই মা-বাবার চেয়ে বড় করে দেখিয়েছেন। তার কারণ দ্বিতীয় জন্ম দিল গুরু। পিতা-মাতা দিলো অসীম স্নেহ-দরদ আর গুরু দিলো শিক্ষা। এ জগতে কার সাথে কীভাবে চলতে হবে, মিশতে হবে তার শিক্ষাই জীবনকে পরিপূর্ণ করে তুলেছে। জীবনের সুন্দর দিকগুলো, মানবীয় গুণের ঠিকানা সবকিছুই গুরুর কাছে শিখেছি আমরা। যে কারণে মাতাপিতার চেয়েও গুরুকেই গুরুত্বপূর্ণ করে দেখিয়েছেন কবি।
‘বন্দনা’ কবিতাটি থেকে আমাদের শিখতে হবে কার সাথে কী আচরণ করতে হবে, এই সুন্দর জগত্ আমরা মা-বাবার কারণে পেয়েছি, আর উপভোগ করার জন্য শিক্ষা দিয়েছেন গুরু, তাই গুরুকে প্রণাম। আমরা দেখি সর্বশেষে কবি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন যেন তিনি কাব্যসাধনায় সাফল্য লাভ করতে পারেন।