উইন্ডোজ ৮-এ ফিরছে স্টার্ট বাটন
প্রকাশ : ০১ জুন ২০১৩, ১৯:৪৪
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ৮ দিয়ে মাইক্রোসফট পিসি ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণে খুব একটা সমর্থ হয়নি। স্মার্টফোন আর ট্যাবলেট পিসির বাজারে অবশ্য কিছুটা স্থান নিতে সমর্থ হয়েছে তারা। ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ ৮-এর বিক্রি অনেকটাই হতাশাজনক। উইন্ডোজ ৮-এর বিভিন্ন ধরনের ফিচার আর ইন্টারফেসে গ্রাহকদের অন্যতম একটি প্রধান অভিযোগ ছিল এতে স্টার্ট বাটন না থাকা। উইন্ডোজ ৮ বিক্রি শুরুর ৮ মাস পরে এসে অবশেষে মাইক্রোসফট এতে সেই ফেলে দেওয়া স্টার্ট বাটন যুক্ত করার কথা জানিয়েছে। উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের জন্য তাই এটি এক রকম সুখবরই বটে। তবে এই স্টার্ট বাটনটি থাকছে না আগের সংস্করণগুলোর স্টার্ট বাটনের মতো। কিছুটা আলাদা হবে উইন্ডোজ ৮-এর এই স্টার্ট বাটনটি। উইন্ডোজ ৮-এর আপডেট ৮.১-এ সংযোজিত হবে নতুন এই উইন্ডোজ স্টার্ট বাটন।