সৌদি যুবরাজের বিরুদ্ধে তদন্তের আহ্বান

ইয়েমেনে বিমান হামলা এবং সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি টুয়েন্টি সম্মেলনকে সামনে রেখে এ তদন্তের আহ্বান জানানো হয়। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। জাতিসংঘের হিসাব অনুযায়ী এ অভিযানে নিহত হয়েছে প্রায় ১০ হাজার মানুষ। এই অভিযান পরিচালনার ক্ষেত্রে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে। অপরদিকে সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়েও সমালোচনার মুখে রয়েছেন তিনি।

এরকম প্রেক্ষাপটে যুবরাজ সালমানের বিরুদ্ধে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধের তদন্তের জন্য আর্জেন্টিনার প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আর্জেন্টিনার সংবিধান অনুসারে কোনো ব্যক্তি যেখানেই  মানবতাবিরোধী অপরাধ করে থাকুক না কেন, ওই দেশে অবস্থান করলে তার বিচার করা যাবে। আর্জেন্টিনায় অনুষ্ঠিতব্য জি টুয়েন্টি সম্মেলনে সালমানের যোগ দেওয়ার সম্ভাবনা থাকায় এখন তার মানবতাবিরোধী অপরাধ নিয়ে কথা উঠছে। এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের নির্বাহী পরিচালক কেনেথ রথ বলেন, মোহাম্মদ বিন সালমানের জানা উচিত যে আর্জেন্টিনায় গেলে তিনি অপরাধজনিত তদন্তের মুখোমুখি হতে পারেন।