মেধাবী মুখ
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ১৮:৩৭
জাইমা নূরেন জিয়া
দ্বাদশ শ্রেণি
হলিক্রস স্কুল এন্ড কলেজ, ঢাকা
বড় কিছু অর্জনের জন্য পরিশ্রম অত্যাবশ্যক। একজন শিক্ষার্থীর দশ বছরের শিক্ষা জীবনের প্রতিফলন ঘটে এস.এস.সি পরীক্ষার মাধ্যমে। নবম ও দশম শ্রেণিতে অধ্যয়নকালে নিয়ম, নিষ্ঠা, মনোযোগ ও আন্তরিকতার সাথে লেখাপড়া করলে সেটি অবশ্যই ফলপ্রসূ হবে। তবে কোন পাঠ একবার নয় বারবার পড়তে হবে। তবেই তা স্মৃতিতে স্থায়ী হবে। প্রতিদিন এক ঘণ্টা করে হলেও গণিত অনুশীলন আবশ্যক। ইংরেজিতে ভালো করার জন্য গ্রামারের প্রতি মনোযোগ বাড়াতে হবে এবং ভোকবুলারিতে ভালো দখল থাকতে হবে। আর কোন ক্ষেত্রেই বানান ভুল করা যাবে না। এজন্য কঠিন কঠিন বানানগুলো লিখে আয়ত্ত করতে হবে। সামাজিক বিজ্ঞানের জন্য সাল ও তারিখ লিখে লিখে পড়লে মনে থাকবে। সৃজনশীল প্রশ্নপদ্ধতির জন্য বিজ্ঞানের বিষয়গুলোতে পরিষ্কার ধারণা থাকতে হবে। পদার্থবিজ্ঞান ও রসায়নের গাণিতিক সমস্যাগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। রাসায়নিক বিক্রিয়াগুলোও লিখে লিখে পড়তে হবে। জীববিজ্ঞানের জন্য প্রত্যেকটি চিত্র সুন্দরভাবে আঁকা শিখতে হবে এবং সে পদ্ধতিতে আঁকলে সময়ের সাশ্রয় হয় সেটি অনুসরণ করতে হবে। বেশি লিখলে বেশি নম্বর পাওয়া যায় এমন ধারণা বর্জনীয়। প্রশ্নের উত্তর অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। বহুনির্বাচনী প্রশ্নের জন্য পুরো বই ভালোভাবে পড়তে হবে। আর অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে এবং খাতার উপস্থাপন করতে হবে আকর্ষণীয়। হেডিং কিংবা পয়েন্টগুলো লিখার জন্য নীল কালি ব্যবহার করা উত্তম। প্রতিদিন ৫-৬ ঘণ্টা পড়লে সাফল্য অবধারিত।