অ্যান্টি-পাইরেসি চিপ নিয়ে আসছে এআরএম
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ১৯:৫৫
প্রসেসরের বাজারে ইন্টেল-এএমডি’র একচ্ছত্র আধিপত্য থাকলেও মোবাইলের জন্য প্রসেসর তৈরিতে এদের ছাড়িয়েই শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে এআরএম। স্মার্টফোন আর ট্যাবলেট পিসি এখন বাজার দখল করে নেওয়াতে ইন্টেলও দৃষ্টি নিবদ্ধ করেছে মোবাইল প্রসেসরে। তবে এখন পর্যন্ত এআরএম তার বাজার ধরে রেখেছে ভালোভাবেই। এবারে তারা তাদের মোবাইল প্রসেসরে যুক্ত করতে যাচ্ছে নতুন এক ফিচার। ভিডিও পাইরেসি সনাক্ত করে রোধ করতে পারবে এআরএম-এর নতুন এই প্রসেসর। আজ থেকে তাইওয়ানের তাইপেতে শুরু হতে যাওয়া কম্পিউটেক্স ২০১৩ উপলক্ষে প্রসেসর সিরিজে নতুন ফিচার যুক্ত করছে এআরএম। এর মধ্যে তারা ঘোষণা দিয়েছে নতুন প্রসেসর ‘মালি ভি-৫০০’-এর। মিড-রেঞ্জের এই মোবাইল প্রসেসর বর্তমানের প্রসেসরগুলোর তুলনায় ব্যান্ডউইথের ব্যবহার কমাবে প্রায় ৫০ শতাংশ। মাল্টিকোর এই ভিডিও সলিউশন প্রসেসর ১০৮০ পিক্সেল ও সেকেন্ডে ৬০ ফ্রেমের ভিডিও এনকোডিং সমর্থন করে। সেকেন্ডে ১২০ ফ্রেমের ডিকোডিংও করতে পারে এটি। শুধু তাই নয়, রেজ্যুলেশনের দিক থেকে এটি এখন পর্যন্ত সর্বাধুনিক ৪কে রেজ্যুলেশন সমর্থন করে। তবে এই প্রসেসরের সবচেয়ে বড় চমক জাগানো ফিচার হচ্ছে ১০৮০ পিক্সেল মানের ভিডিও পাইরেসি রোধ। ট্রাস্টজোন সিকিউরিটি প্রযুক্তির মাধ্যমে এই প্রসেসর মোবাইল ডিভাইসে স্ট্রিমিং হওয়া ভিডিওটি কপিরাইট আইনের আওতাভুক্ত হলে তা কপি করতে বাঁধা দেবে। হলিউড স্টুডিও’র সাথে এই প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেই কপিরাইট ভিডিও সনাক্ত করে তা কপি করতে বাঁধা দেওয়ার প্রযুক্তিটি এই প্রসেসরে সংযুক্ত করেছে এআরএম।