ওকেএফএন-এর বাংলাদেশ অ্যাম্বাসেডর হলেন নুরুন্নবী চৌধুরী হাছিব

ওপেন সোর্সভিত্তিক নানা কর্মকাণ্ড পরিচালনাকারী যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের (ওকেএফএন) বাংলাদেশ অ্যাম্বাসেডর হলেন নুরুন্নবী চৌধুরী হাছিব। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ওকেএফএন (okfn.org/local)-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ১ জুন থেকে তিনি এ দায়িত্ব পালন শুরু করেছেন। অলাভজনক সংস্থা হিসেবে ওকেএফএন (www.okfn.org) ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির নানা কাজের মধ্যে রয়েছে ওপেন স্পেনডিং, স্কুল অব ডেটা, ওপেন জিএলএএম, ওপেন গভর্নমেন্ট ডেটা, ওপেন ট্রান্সপোর্ট, ওপেন সায়েন্স, ওপেন ইকোনমিকস, ওপেন বিবলিওগ্রাফি, ওপেন অ্যাকসেস, পাবলিক ডোমেইন ইত্যাদি। এবারই প্রথম আন্তর্জাতিক কোনো সংগঠনের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। বর্তমানে দেশের জনপ্রিয় একটি গণমাধ্যমে কর্মরত নুরুন্নবী ২০০৭ সাল থেকে মুক্ত সফটওয়্যার বিষয়ক নানা আয়োজনের এবং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) কোষাধ্যক্ষ এবং জনসংযোগ সমন্বয়ক। এ ছাড়াও তিনি ২০০৮ সাল থেকে ইন্টারনেটে মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ায় (http://goo.gl/Wyvds) নিয়মিত নিবন্ধ যোগ এবং সম্পাদনার কাজ করছেন। বাংলা উইকিপিডিয়া ছাড়াও উইকিমিডিয়া কমনসসহ উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে সক্রিয় তিনি। ওকেএফএনের বাংলাদেশ অ্যাম্বাসেডরের দায়িত্ব পাওয়ার পর নুরুন্নবী চৌধুরী হাছিব জানান, ‘ওপেন সোর্সের নানা কার্যক্রম এবং এর সুবিধাগুলোকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করতে চাই। এ কাজে যুক্ত হতে আগ্রহী যে কেউ ওকেএফএন বাংলাদেশের ই-মেইল গ্রুপে (http://lists.okfn.org/mailman/listinfo/okfn-bd) যোগ দিতে পারবেন।’