অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ

ভারতকেই এগিয়ে রাখলেন লক্ষ্মণ

টি-টোয়েন্টি সিরিজটা ১-১ সমতাতেই শেষ হয়েছে। তবে, টেস্ট সিরিজটা অস্ট্রেলিয়ানদের জন্য আরো কঠিন হবে, এমন মন্তব্য করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তিনি দাবি করলেন, এটাই স্মরণকালের সবচেয়ে দুর্বল অজি দল।

নিজের খেলোয়াড়ি জীবনে যেমন দেখেছেন, তখনকার সাথে এখনকার অস্ট্রেলিয়া দলের তুলনা করে লক্ষ্মণ বলেন, ‘১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় খেলছি। তার আগে ১৯৯৬ সালে আমি অবশ্য ঘরের মাঠে ওদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলাম। তখন ওদের দলে কিংবদন্তিদের ভিড় ছিল। যারা শুধু ঘরের মাঠেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখত এমন নয়, অ্যাওয়ে ম্যাচেও জেতাত। ওরা কখনই সহজে হাল ছেড়ে দিত না। নিজেদের দক্ষতায় বিশ্বাস রাখত ওরা। এই অস্ট্রেলিয়া দলে যা দেখতে পাচ্ছি না। জাস্টিন ল্যাঙ্গার ওদের কোচ হয়েছে এখন। ও যখন খেলত, তখনও বিশাল প্রতিভাধর ছিল না। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে ও উজাড় করে দিত। এই অস্ট্রেলিয়া দলে সেই মানসিকতাই দেখতে চাইব। তবে এটা মানছি যে, আমার দেখা এটাই অস্ট্রেলিয়ার দুর্বলতম দল।’

আগামী ছয় ডিসেম্বর থেকে শুরু হবে দু’দলের মধ্যে চার টেস্টের সিরিজ। এর আগে আজ থেকে শুরু হবে ভারতের চার দিনের প্রস্তুতি ম্যাচ। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বিরাট কোহলির দলের প্রতিপক্ষ ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একাদশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিনদেশি কন্ডিশনে খেলা হলেও ভারতকেই এগিয়ে রাখছেন ভিভিএস লক্ষ্মণ। তিনি বলেন, ‘আশা করছি, ভারত টেস্ট সিরিজে ৩-১ জিতবে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে কোনও ড্র হবে বলে মনে করছি না। এর চেয়ে ভালো সুযোগ ভারত কখনও পাবে না। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার খেলছে না বলে কিন্তু এটা মনে হচ্ছে না। আমি দক্ষতার ভিত্তিতে এটা বলছি। ইংল্যান্ডে আমি অবশ্য পুরো ভুল বলেছিলাম। ভেবেছিলাম ভারত ৪-১ জিতবে। কিন্তু হয় তার ঠিক উল্টো। তবে ভারতীয় দলের জেতার ক্ষমতা রয়েছে বলে আমার বিশ্বাস।’

পরিসংখ্যানেও এগিয়ে আছে ভারতই। এই বছর পাঁচটি টেস্ট জয়ের সাথে বিরাট কোহলির দল হেরেছে ছয়টিতে। অন্যদিকে, অস্ট্রেলিয়া জিতেছে মাত্র দু’টিতে। আর বল টেম্পারিং কেলেঙ্কারির পর দলের বিপর্যস্ত অবস্থা তো আছেই।