ইউটিউবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আইএসপিএবি’র ধন্যবাদ

দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত পরশু ইউটিউব নিষেধাজ্ঞামুক্ত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এক প্রেস বিজ্ঞপ্তিতে আইএসপিএসবি কর্তৃপক্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, আইসিটি মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বিটিআরসি চেয়ারম্যান সুনীল কান্তি বোস এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি এই ধন্যবাদ জ্ঞাপন করেছে। শিক্ষা ও বিনোদনে ইউটিউব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তারা জানায়, ইউটিউবের ব্যবহারকারীরা আরও দায়িত্বশীল হলে দেশ এ থেকে সুফল লাভে সক্ষম হবে। একইসাথে ইউটিউব ব্যবহারকারীরা যেন শিক্ষা ও সামাজিক বিনোদনের এই হাতিয়ারকে কোনো অসত্ উদ্দেশ্যে এবং বাংলাদেশের আইন পরিপন্থী কোনো কাজে ব্যবহার না করেন, সেই অনুরোধও সকলের প্রতি রেখেছেন আইএসপিএবি কর্তৃপক্ষ।