প্রতিভাবান তরুণ স্টিভেন
প্রকাশ : ০৭ জুন ২০১৩, ১৮:১৪
প্রযুক্তির হাত ধরে ধীরে ধীরে পরিবর্তনের ছোঁয়া লাগছে কার্টুন-অ্যানিমেশনের সুন্দর জগতটিতেও। একসময় কার্টুন আঁকা হতো হাতে, বিভিন্ন কৌশল ব্যবহার করে সেটা মুভিং অজবেক্ট বা গতিশীল করে আমাদের সামনে নিয়ে আসা হতো। সময় পাল্টেছে, কার্টুনকে জীবন্ত রূপ দেওয়া এখন অনেক সহজ। কম্পিউটারের যুগে কার্টুনিস্টদের অনেকেই রং-তুলি, কলম ছেড়ে কি-বোর্ড, মাউস ধরেছেন। তবে কার্টুনের কারিগরি দিক যতই পরিবর্তিত হোক, যে জিনিসটি পরিবর্তিত হয়নি তা হলো এর আনন্দ দেওয়ার ক্ষমতা। বিশ্বের হাজারো মেধাবী তরুণ কাজ করে চলেছে এই কাল্পনিক জগতটিতে। তাদেরই একজন স্টিভেন সেগাল। কার্টুনিস্ট এই তরুণকে নিয়ে লিখেছেন প্রাঞ্জল সেলিম
বিখ্যাত অ্যালিয়েন বিষয়ক কার্টুন বেন টেনের কথা আমাদের সাবারই জানা আছে। তারপরও কার্টুনটি সম্পর্কে কিছু কথা না বললেই নয়, বেন টেনের একটি মার্কিন অ্যানিমেশন বা কার্টুন টিভি সিরিজ, যার মূল চরিত্র বেন টেনিসন নামের এক কিশোর। এই কিশোরটি তার হাতের অদ্ভুত একটি ঘড়ি দিয়ে ১০টি অ্যালিয়েনের রূপ নিতে পারে। অবশ্য তার প্রতিপক্ষও কম যায় না, তারাও অনেক শক্তিশালী। মূলত এই নিয়ে চলতে থাকে সিরিজের কাহিনী। শুধু পর্দাতেই আটকে থাকেনি কার্টুনটি। পর্দা থেকে বেড়িয়ে শিশু-কিশোরদের হাতে চলে এসেছে বেন, তবে তা বিভিন্ন খেলনা আকারে। এতদূর এসে নিশ্চয় সবার জানতে ইচ্ছে করছে এ বিখ্যাত কার্টুনের পেছনে যে রয়েছে তার সম্পর্কে! বেন টেন নামের এই কার্টুনটির জন্ম হয় তরুণ প্রজন্মের এক উজ্জ্বল প্রতিভা স্টিভেন সেগালের হাত ধরে। তিনি মার্ভেল কমিক্সের সাথে কাজ করেন। তিনি একজন আমেরিকান কমিক্স রাইটার। একই সাথে তিনি টেলিভিশন, ফিল্ম, লাইভ থিয়েটার, ভিডিও গেমস ও অ্যানিমেশনের কাজের সাথেও যুক্ত রয়েছেন।
শুরুর গল্পটি :স্টিভেনের জন্ম তারিখ ২১ মার্চ। সপরিবারে আমেরিকাতেই থাকেন তিনি। সেখানকার পরিবেশেই তার বেড়ে ওঠা। খুব ছোটবেলা থেকেই তার আঁকাআঁকির শুরু। তখনই তার প্রতিভার কথা ছড়িয়ে পড়ে সব জায়গায়। কার্টুন জগতের প্রতি তার ভালোবাসা ছিল সবসময়ই। তাই ক্যারিয়ার হিসেবেও বেছে নেন এই জগতটিকে। তিনি বেশি পরিচিত গ্রাফিক্স নোভেল ‘ইটস আ বাড’-এর জন্য। তিনি ম্যান অব অ্যাকশন স্টুডিওতেও কাজ করেছেন। সেখানে তিনি কার্টুন নেটওয়ার্কের বেন টেন সিরিজ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। এই কার্টুনটি কার্টুন নেটওয়ার্কের সবচেয়ে বেশি রেটিং অর্জন করেছিল। সেই সাথে সিরিজ প্রিমিয়ারের খেতাবটিও জিতে নেয় তার কার্টুনটি।
স্টিভেনের কিছু কাজের কথা
মার্ভেল কমিক্সের সাথে কাজ করলেও তিনি প্রফেশনাল কাজের বাইরে নিজস্ব কাজের একটি সংগ্রহ গড়ে তুলেছেন। সেগালের নিজস্ব সংগ্রহে আছে—নিউমেরিয়াস কমিক্স, স্ক্রিন প্লে, অ্যানিমেশন ও অরিজিনাল গ্রাফিক্স নোভেল। একটি মজার ব্যাপার হলো, তিনি বেশিরভাগ সময়ই সুপারহিরো টাইপ কমিক নিয়ে কাজ করেছেন। তার কাজের মধ্যে আরও আছে এক্স-মেন সিরিজ। এই সিরিজটি সেই সময়ে উইজার্ড পুরস্কার জিতেছিল। শুধু তাই নয়, তার এই কার্টুন থেকে পরবর্তীতে সিনেমাও করা হয়েছে। এই সিনেমার প্রতিটি সিক্যুয়েল ব্যাপকভাবে সফল হয়েছে। এ ছাড়াও স্টিভেন ভার্টিগো কমিক বুক নিয়েও কাজ করতেন। সেগুলোর মধ্যে ছিল—স্যান্ডম্যান মিস্টেরি থিয়েটার, হাউজ অব সিক্রেটস (এটি নিয়েও সিনেমা তৈরী হয়েছে) ও আমেরিকান ভার্জিন।