ই-কমার্স ও ইন্টারনেটের উপর থেকে ভ্যাট প্রত্যাহার না করায় হতাশা
প্রকাশ : ০৮ জুন ২০১৩, ১৯:২৩
ইন্টারনেট ও ই-কমার্সের উপর থেকে ভ্যাট প্রত্যাহার না করায় হতাশা ব্যক্ত করেছে বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস-এর পক্ষ থেকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেসিস মিলনায়তনে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দকে তাত্ক্ষণিক এক বাজেট প্রতিক্রিয়ায় বেসিস সভাপতি একেএম ফাহিম মাশরুর এ কথা বলেন। তিনি আরও বলেন, জাতীয় তথ্যপ্রযুক্তি নীতিমালা ২০০৯-এ ৭০০ কোটি টাকার জাতীয় আইসিটি উন্নয়ন তহবিল গঠনের প্রস্তাব থাকলেও বাজেট বক্তৃতায় সে ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। তবে দেশের ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ বৃদ্ধিতে ফাইবার অপটিক ক্যাবলের উপর থেকে শুল্ক হ্রাস করার ঘোষণায় সরকারকে ধন্যবাদ জানান বেসিস নেতৃবৃন্দ। এ ছাড়া নবগঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের বরাদ্দ বিগত বছরের তুলনায় তিন গুণেরও অধিক বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করা হয়। বিগত বছরে মন্ত্রণালয়ের জন্য এই বরাদ্দ ছিল ১৩৭ কোটি টাকা, যা এ বছর বাড়িয়ে ৫৩০ কোটি টাকা করা হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি শামীম আহসান, সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির ও পরিচালক শাহ ইমরাউল কায়ীশ। বক্তারা অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে যেসকল প্রস্তাব দাখিল করেছিল তা পুনর্বিবেবচনার দাবী জানিয়েছেন।