আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে মহেন্দ্র সিং ধোনির বর্তমান ফর্ম নিয়ে কানাঘুষা করছে নিন্দুকেরা। সেই নিন্দার কড়া জবাব দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুুলি। তিনি মনে করেন, শিঘ্রই ধোনি নিজের খারাপ সময় কাটিয়ে উঠবেন।
গাঙ্গুলি বলেন, ‘ধোনি হলো চ্যাম্পিয়ন খেলোয়াড়। একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়দের খারাপ সময় আসতেই পারে। তবে আমার দৃঢ়বিশ্বাস দ্রুতই বড় ইনিংস খেলবে ধোনি। কারণ সে ঠান্ডা মেজাজের খেলোয়াড়। ও জানে, কিভাবে রান করতে হয়।’
২০১৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় দেন ধোনি। ৯০ টেস্টে ছয়টি সেঞ্চুরি ও ৩৩টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৭৬ রান করেন তিনি। এছাড়া ৩৩২টি ওয়ানডেতে ১০১৭৩ রান ও ৯৩ টি টি-টোয়েন্টিতে ১৪৮৭ রান করেন ৩৭ বছর বয়সী ধোনি। এত রানের পরও ব্যাট হাতে সাম্প্রতিক সময়টা মোটেও ভালো যাচ্ছে না ‘মিস্টার খ্যাত’ ফিনিশার ধোনির।
গেল আইপিএলের পর থেকেই ফর্মহীনতায় ভুগচ্ছেন তিনি। রঙিন পোশাকে বড় ইনিংসই খেলতে পারছেন না ধোনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে চলতি বছর তার সর্বোচ্চ ব্যক্তিগত রান ৫২। দুই ফরম্যাট মিলিয়ে মাত্র একবার হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিনি। তাই ধোনির ফর্ম নিয়ে সমালোচনায় পসরা সাজিয়ে বসেছে নিন্দুকেরা।
তবে এমন পরিস্থিতিতেও সতীর্থ-বন্ধুদের পাশে পাচ্ছেন ধোনি। দু’দিন আগে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ধোনির প্রশংসা করেছেন। এবার ধোনির পক্ষে কথা বললেন তার প্রথম অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
তিনি বলেন, ‘মাহি একজন চ্যাম্পিয়ন। দেশকে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছে ও। গত ১৪ বছর ধরে ক্রিকেট মাঠে অসাধারণ পারফরমেন্স করেছে। এখন সময় খারাপ যাচ্ছে। তবে সবার মতো তাকেও ভালো খেলতে হবে। জীবনের সবক্ষেত্রেই যে কাজই করা হোক-না কেন, বয়স যা-ই হোক, যতই অভিজ্ঞতা থাকুক-না কেন, সময়মত সেরাটা দিতে হবে। এছাড়া কোনো বিকল্প পথ নেই। নয়তো অন্য কেউ জায়গা নিয়ে নেবে। আমার দৃঢ় বিশ্বাস, খুব শিগগিরই রানে ফিরবে ধোনি।’
২০১৯ বিশ্বকাপ খেলে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত আগেই দিয়েছেন ধোনি। তাই ধোনি দ্রুত ফর্মে ফিরবে, দলকে আরো সাফল্য এনে দিবে, ফলে তার বিদায়টা রাজসিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সৌরভ। তিনি বলেন, ‘ধোনির জন্য আমার শুভ কামনা, কারণ আমরা চাই চ্যাম্পিয়নরা মাথা উঁচু করে বিদায় নিবে। সে চাইলে আবারো দুর্দান্ত ফর্মে ফিরতে পারবে। যেভাবে আগে দলের জয় নিশ্চিত করে ম্যাচ ফিনিশ করতো ধোনি।’