ডিআইইউ ও সিটিও ফোরামের মধ্যে সমঝোতা চুক্তি স্মাক্ষরিত
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২০:০৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তাদের সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশের মধ্যে সম্প্রতি এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে একদিকে যেমন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তির নতুন বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারবে, অন্যদিকে সিটিও ফোরাম তথ্যপ্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনে তাদের প্রয়াস বাস্তবায়নের সুযোগ পাবে। এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটিও ফোরাম বাংলাদেশের যৌথ উদ্যোগে গবেষণা প্রকল্পের পাশাপাশি পারস্পরিক ব্যবস্থাপনায় তথ্যপ্রযুুক্তির ব্যবহার, প্রশিক্ষণ, কর্মশালা ও উদ্ভাবনীর বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করবে। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষানবিশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ বাড়বে। ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমান ও সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।