সংবাদ কণিকা
প্রকাশ : ১০ জুন ২০১৩, ২১:১৭
সৈকতে বিচরণ নিয়ে দ্বন্দ্ব
ক্যালিফোর্নিয়ায় বসবাসরত মানুষের জন্য শহরের সমুদ্র সৈকতে অবাধে যাতায়াত করার বিষয়টি দিন দিন কঠিন হয়ে উঠছে। সাগর পাড়ে শহরের অর্থবান মানুষ বড় বড় বাড়ি বানিয়েছেন, আর তারা চান না সাধারণ মানুষের ভিড়ে তাদের নিজেদের প্রাইভেসি বা নিজেদের মতো করে থাকার স্বাধীনতা নষ্ট হোক। কিন্তু সমুদ্র সৈকতগুলো সরকারি সম্পত্তি। ফলে সেখানকার বাড়ির মালিক আর জনস্বার্থ বিষয়ক বেসরকারি সংগঠনের কর্মীদের মধ্যে সৈকতে অবাধ বিচরণের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে এক ধরনের দ্বন্দ্ব চলছে। —বিবিসি
সিরিয়ায় মহামারীর ঝুঁকি
সিরিয়া ও এর প্রতিবেশী দেশগুলোতে বিভিন্ন রোগ মহামারীর ক্রমবর্ধমান ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গ্রীষ্মে মহামারীর ঝুঁকি আরো বাড়ার আশঙ্কা প্রকাশ করে সংস্থাটি বলেছে, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব অনিবার্য। এই রোগগুলোর মধ্যে বিশেষভাবে রয়েছে হেপাটাইটিস, টাইফয়েড, কলেরা এবং আমাশয়। ডব্লিউএইচও তথ্যমতে, সিরিয়ার ৩৫ শতাংশ সরকারি হাসপাতালে কাজ হচ্ছে না। আবার কয়েকটি এলাকায় ৭০ শতাংশ চিকিত্সাকর্মী পালিয়ে গেছে। —রয়টার্স
পশ্চিমবঙ্গে অর্থের অভাব!
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের হাতে যথেষ্ট পয়সা নেই। যার প্রভাব পড়ছে বিভিন্ন শিল্প-শিক্ষা-সংস্কৃতি গবেষণা সংস্থার সরকারি অনুদানে। ফলে অর্থের অভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু শিক্ষা, সংস্কৃতি ও গবেষণা প্রতিষ্ঠানের সরকারি অর্থ সাহায্য অচিরেই বন্ধ হয়ে যেতে পারে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একাডেমী অফ ফাইন আর্টস, সংস্কৃত সাহিত্য পরিষদ, গৌডীয় মিশনের মতো প্রায় ২৫টি সংস্থা। এই তালিকার বাইরে ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্টাল স্টাডিজ, বঙ্গীয় সাহিত্য পরিষদ, ইনস্টিটিউট দ্য চন্দননগরের মতো বেশ কিছু নামি সংস্থা রয়েছে। — ডয়েচে ভেলে
মঙ্গলে পানযোগ্য পানি
দীর্ঘদিন ধরে অভিযানের পর নাসার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে পানযোগ্য পানির সন্ধান পেয়েছেন। সংবাদ সংস্থা স্কাই নিউজ-এর খবরে প্রকাশ, নতুন এই আবিষ্কারে বিজ্ঞানীরা পানযোগ্য পানির চিহ্ন খুঁজে পেয়েছেন। বিজ্ঞানীরা এই অনুসন্ধানের জন্য পৃথিবী থেকে নিয়ন্ত্রিত সৌরশক্তিচালিত যান ‘অ্যাসপ্যারেন্স ৬’ ব্যবহার করেছেন। বিভিন্ন উপাত্তের ভিত্তিতে জানা গেছে, গ্রহটিতে অতীতে জীবনধারণের মতো যথেষ্ট পানি ছিল। মঙ্গলশীলার রাসায়নিক উপাদান বিশ্লেষণ করে সমপ্রতি জানা গেছে, ঐ পানির পিএইচ মাত্রা প্রাণীর জন্য উপযোগী। —রয়টার্স