বাংলাদেশ নৌবাহিনীর বড় জয়ে শুরু হলো বিজয় দিবস হকি প্রতিযোগিতা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম খেলায় নৌবাহিনী ১৩-০ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। দিনের অপর খেলায় বাংলাদেশ বিমান বাহিনী শুট-আউটে হারায় বাংলাদেশ সেনাবাহিনীকে।
নৌবাহিনীর পক্ষে হ্যাটট্রিক করেন আশরাফুল ইসলাম ও মাইনুল। ফজলে হোসেন রাব্বি ও দীন ইসলাম ইমন গোল দেন দুইটি করে। একটি করে গোল দেন কৃষ্ণ কুমার, রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।
বিমান বাহিনীর ও সেনাবাহিনী মধ্যকার ফ্লাডলাইটে অনুষ্ঠিত খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দিনের দ্বিতীয় এ খেলায় নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র ছিল। এরপর শুট-আউটে বিমান বাহিনী ৩-২ গোলে সেনাবাহিনীকে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলায় বিমান বাহিনীর পক্ষে সিফাত দুইটি এবং প্রসেনজিত্ ও সিরাজী অপর দুই গোল করেন। অপরদিকে সেনাবাহিনীর পক্ষে মো: রোকনুজ্জামান দুইটি এবং মিলন হোসেন ও পুষ্কর ক্ষিসা একটি করে গোল দেন। প্রধান অতিথি হিসেবে এদিন মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত। এসময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি স্পন্সর প্রতিষ্ঠান এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও কাজী ওসমান আলী, ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক প্রমুখ।