বোকা জুনিয়র্সের বাসে হামলার ঘটনাটির জন্য শাস্তির মুখে পড়তে যাচ্ছে রিভারপ্লেট। সমর্থকদের উগ্র আচরণের জন্য ক্লাবটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল।
শনিবার দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই কোপা লিবার্তাদোরেসের ফাইনাল খেলতে রিভারপ্লেটের মাঠ এস্তাদিও মনুমেন্তালে আসার পথে রিভার সমর্থকদের হামলার শিকার হন বোকার খেলোয়াড়রা। আহত হন বোকা জুনিয়র্সের অধিনায়ক পাবলো পেরেজ এবং গনজালো লামার্দো। ফলে একদিনের জন্য পিছিয়ে দেয়া হয় ফাইনালটি। পরদিন বোকা জুনিয়র্সের অসম্মতির পরিপ্রেক্ষিতে ম্যাচটি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। হামলার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে কনমেবল। সংস্থাটির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবল জানাচ্ছে যে কোপা লিবার্তাদোরেসের ফাইনালের ফিরতি লেগের জন্য সূচিকৃত তারিখ ২৪ নভেম্বরের ঘটনার পরিপ্রেক্ষিতে ডিসিপ্লিনারি বিভাগ রিভারপ্লেটের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে।’
বিবৃতিটিতে আরো বলা হয়, ‘ক্লাবটিকে এই ব্যাপারে জানানো হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনে যুক্তি এবং প্রমাণ পেশ করার জন্য তাদেরকে জানানোর পর থেকে ২৪ ঘন্টা পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে।’ ফাইনালের ভেন্যু পরিবর্তনের গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে। বিকল্প ভেন্যু হিসেবে উঠে আসছে ক্লাব বিশ্বকাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাত এবং বুয়েন্স এইরেসের সুসম্পর্ক থাকা ইতালীয় শহর জেনোয়ার নাম।