এইচএসসি পরীক্ষার ব্যবসায় নীতি ও প্রয়োগ

মো: কবির হোসেন (সুজন), প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক জ্ঞান অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে একটি জ্ঞানমূলক প্রশ্ন,জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর থেকে একটি উদ্দীপক তৈরী, উদ্দীপক থেকে গ ও ঘ নং প্রশ্ন তৈরী এবং উদ্দীপক থেকে উক্ত প্রশ্নের জ্ঞানমূলক উত্তর বের করে কিভাবে উক্ত প্রশ্নের উত্তর সাজিয়ে উপস্থাপন করতে হবে তা নিম্নে আলোচনা করা হলো। জ্ঞানমূলক প্রশ্ন : শাখা ব্যাংক কী ? জ্ঞানমূলক প্রশ্নের উত্তর : একটি কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে এবং বিদেশে একই নামে অনেকগুলো শাখা খুলে যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে শাখা ব্যাংক বলে। জ্ঞানমূলক প্রশ্নের আলোকে উদ্দীপক : জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী এমন একটি ব্যাংকে চাকুরী করে যে ব্যাংকের দেশের অভ্যন্তর ছাড়াও দেশের বাহিরে অনেকগুলো শাখা রয়েছে। তবে প্রত্যেকটি শাখা একই নামে পরিচালিত হলেও কম্পিউটার প্রযুক্তি নির্ভর নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে খুব কম সময়ে তারা গ্রাহকদের সাথে লেনদেন সম্পূর্ণ করে থাকে। ক) বিশেষায়িত ব্যাংক কী ? খ) গ্রুপ ব্যাংক বলতে কি বুঝায় ? গ) উপরের উদ্দীপকে জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী যে ব্যাংকে চাকুরী করে শ্রেণিভেদে এটি কোন ধরণের ব্যাংক ? আলোচনা কর। উদ্দীপকে জনাব চৌধুরীর কর্মরত ব্যাংকটির লেনদেন পদ্ধতির যুক্তিকতা কি বলে তুমি মনে কর ? তোমার মতামত দাও। উদ্দীপকের ক নং প্রশ্নের উত্তর : যে ব্যাংক গ্রাহকদের প্রয়োজন এবং অর্থনীতির বিশেষ কোন দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে বিশেষায়িত ব্যাংক বলে। উদ্দীপকের খ নং প্রশ্নের উত্তর : যে ব্যাংকিং ব্যাবস্থায় একটি শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে তার নির্দেশনা ও নিয়ন্ত্রণাধীনে কতকগুলো ছোট ছোট ব্যাংক সমন্বিতভাবে পরিচালিত হয় তাকে গ্রুপ ব্যাংক বলে। গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে শক্তিশালী ব্যাংকে হোল্ডিং ব্যাংক এবং ছোট ছোট একাধিক ব্যাংকে সাবসিডিয়ারি ব্যাংক বলা হয়। এই পদ্ধতিতে অধীনস্থ ব্যাংকগুলো বা ছোট ছোট ব্যাংকগুলো হোল্ডিং ব্যাংকের সাথে মিলে মূলত: শাখা ব্যাংকিং ব্যবস্থার সুবিধা অর্জনের প্রয়াস চালায়। তবে এক্ষেত্রে প্রতিটা ব্যাংকের আইনগত পৃথক সত্তা থাকে। তাই এইরূপ ব্যাংকিং সব সময় কোম্পানী সংগঠন হয়ে থাকে। উদ্দীপকের গ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী যে ব্যাংকে চাকুরী করে শ্রেণিভেদে এটি শাখা ব্যাংক । একটি কেন্দ্রীয় কার্যালয়ের নিয়ন্ত্রণে দেশের অভ্যন্তরে এবং বিদেশে একই নামে অনেকগুলো শাখা খুলে যে ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তাকে শাখা ব্যাংক বলে। উদ্দীপকে জনাব ফয়সাল মাহমুদ চৌধুরী যে ব্যাংকে চাকুরী করে ঐ ব্যাংকের দেশের ভিতরে অনেকগুলো শাখা ছাড়াও দেশের বাইরে বহু শাখা রয়েছে এবং তাদের প্রতিটি শাখা একই নামে পরিচালিত হয়। তার মানে একাধিক শাখাকে পরিচালনা করার জন্য একটি প্রধান শাখা বা কেন্দ্রীয় অফিস রয়েছে। উক্ত অফিসের নির্দেশিত নিয়ম নীতি অনুযায়ী শাখাসমূহ পরিচালিত হয়। যেহেতু একই নামে একই নিয়মনীতি বা একটি মাত্র কেন্দ্রীয় অফিসের মাধ্যমে দেশের অভ্যন্তরে এবং বাহিরে উক্ত ব্যাংক সকল কার্যক্রম পরিচালনা করে তাই তাকে শাখা ব্যাংক বলা যায়। উদ্দীপকের ঘ নং প্রশ্নের উত্তর : উদ্দীপকে জনাব চৌধুরীর কর্মরত ব্যাংকটি অন-লাইন পদ্ধতিতে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অনলাইন ব্যাংকিং হলো কোন একক ব্যাংকের একাধিক শাখা বা একাধিক ব্যাংকের বিভিন্ন শাখার মধ্যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর একটা নের্টওয়ার্ক ব্যবস্থা। উদ্দীপকে জনাব চৌধুরীর ব্যাংকটি একই নামের তাদের একাধিক শাখার মাধ্যমে গ্রাহদের সাথে লেনদেন কার্য সম্পূর্ণ করে। এতে গ্রাহক একটি শাখায় নিজ নামে চলতি বা সঞ্চয়ি যে কোন একটি হিসাব খুলে উক্ত ব্যাংকের যে কোন শাখায় টাকা জমা, উত্তোলন, চেক জমা, অর্থ স্থানান্তর অর্থাত্ লেনদেন কার্য সম্পূর্ণ করতে পারে। এতে গ্রাহকদের যেমন একদিকে অর্থ ও সময় সাশ্রয় হয় অন্য দিকে ব্যাংকের গ্রাহক সেবা জনগনে দৌর ঘোড়ায় পৌঁছে যায়। পাশাপাশি জনগণ খুব দ্রুত এবং নির্ভুলভাবে ব্যাংকের সাথে লেনদেন কার্য সম্পূর্ণ করে উপকৃত হতে পারে। তাছাড়া একই ব্যাংকের যে কোন শাখায় লেনদেনের ফলে গ্রাহকদের অর্থ সংক্রান্ত ঝুঁকি অনেকটা কমে যায়। তাই অন লাইন ব্যাংকিং পদ্ধতি অধিক গ্রাহক সেবা নিশ্চিত করার একটি উত্তম পদ্ধতি বলে ব্যাংকিং সেক্টর মনে করে। বর্তমানে অধিক গ্রাহক সেবা নিশ্চিত করার জন্য এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অন লাইন ব্যাংকিং, হোম ব্যাংকিং সহ কতিপয় ই-ব্যাংকিং পদ্ধতির মধ্যে অন লাইন ব্যাংকিং পদ্ধতি একটি জনপ্রিয় এবং আধুনিক ব্যাংকিং পদ্ধতি। এই পদ্ধতিতে বর্তমানে আমানতকারীর অর্থ উত্তোলন, জমাদান ছাড়াও আন্ত:ব্যাংকিং দেনা পাওনা নিস্পত্তির ক্ষেত্রে নিকাশ ঘরের কার্য ক্রমকে আরো সহজতর ও গতিশীল করেছে। সর্বপরি এই পদ্ধতি আমানত গ্রহনকেও উত্সাহিত করে। যা অত্যন্ত সমযোপযোগী এবং যৌক্তিক আধুনিক পদ্ধতি বলে গ্রাহক সমাজে বা ব্যবসায়ী সমাজে সমাদৃত হয়েছে।