বাজেটে বাংলাদেশ কম্পিউটার সমিতির মিশ্র প্রতিক্রিয়া

গত সপ্তাহে আগামী ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট উত্থাপনের পর আনুষ্ঠানিকভাবে বাজেটের প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। বাজেটে সফটওয়্যার ও সেবা খাতের ট্যাক্স হলিডে ২০১৩-এর জুন থেকে ২০১৫-এর জুন পর্যন্ত বাড়ানোয় সংশ্লিষ্ট খাত প্রবৃদ্ধির পথে আরও দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য করে বিসিএস। এই খাতকে ২০১৬ সাল পর্যন্ত ট্যাক্স হলিডের আওতায় আনার প্রস্তাব করেছে তারা। বাজেটে আইসিটি মন্ত্রণালয়ের বরাদ্দ ৬৩৩ কোটি টাকায় উন্নীত করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। তবে আইসিটি নীতিমালা অনুসারে ৭০০ কোটি টাকার একটি উন্নয়ন তহবিল এখনও গঠন না করার বিষয়টি সরকারের নজরে আনেন তারা। বাজেটে বিভিন্ন আইটি পণ্যের উপর আরোপিত শুল্কের পরিমাণ কমানোয় ধন্যবাদ জানায় বিসিএস। তবে মাল্টিমিডিয়া প্রজেক্টর, বড় ডিসপ্লে প্রভৃতি পণ্যে শুল্ক না কমানোয় হতাশা ব্যক্ত করেন তারা। এতে ডিজিটাল ক্লাসরুম তৈরির উদ্যোগ ব্যাহত হবে বলে আশংকা করছে তারা। এ ছাড়া অগ্রিম ট্রেড ভ্যাটকেই চূড়ান্ত ভ্যাট হিসেবে বিবেচনা করা, অগ্রিম আয়কর ৩ ভাগে নামিয়ে আনা, টার্নওভার ট্যাক্স মওকুফ করা ও খুচরা স্তরে দোকান প্রতি ভ্যাট ৪২০০ টাকা রাখার দাবি জানিয়েছে বিসিএস। ইন্টারনেটের উপর করা প্রত্যাহার না করাও জরুরি বলে মন্তব্য করে তারা। বাজেট পাশ হওয়ার পূর্বে এসব বিষয়ে বিবেচনা করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।