পাকিস্তানে ন্যাটো ট্রাক বহরের ওপর হামলায় নিহত ৩
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:০০
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে সোমবার জঙ্গিরা ন্যাটোর একটি সরবরাহ ট্রাক বহরের ওপর মর্টার ও বন্দুক হামলা চালিয়েছে। এতে অন্তত তিন চালক নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। এএফপি’র এক খবরে বলা হয়েছে, খাইবার এলাকার প্রধান শহর লান্ডি কোটাল থেকে ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণ-পূর্বে শাগাই এলাকায় হামলাটি চালানো হয়। আফগান সীমান্তে পাকিস্তানের যে সাতটি উপজাতীয় অধ্যুষিত এলাকা তালেবান ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিদের নিরাপদ স্থান হিসেবে পরিচিত এটি তার অন্যতম। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আজম ওয়াজির এএফপিকে বলেন, জঙ্গিদের বন্দুক ও মর্টার হামলায় অন্তত তিন চালক নিহত ও অপর ছয়জন আহত হয়েছে।