এনায়েতপুর মহাকাশ ভবনে দুর্ধর্ষ চুরি
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:০২
সিরাজগঞ্জের এনায়েতপুরের আলোচিত মহাকাশ ভবনে দুর্ধর্ষ চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ভবনটিতে সংরক্ষিত নাসা থেকে সংগ্রহিত মূল্যবান জিনিসপত্র লুটসহ নগদ টাকা লুট করেছে। মহাকাশ ভবনের স্বত্তাধিকারী বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক জ্যোতির্বিজ্ঞানী এফ আর সরকার জানান, গত ২০০৫ সালে এনায়েতপুরে প্রতিষ্ঠিত মহাকাশ ভবনে ছিল মহাকাশ সংশ্লিষ্ট জিনিসপত্রে পরিপূর্ণ। গত সোমবার রাতে বৃদ্ধ পাহারাদারসহ কেউ না থাকায় হঠাত্ চোরেরা ভবনের উত্তর পাশের দেয়াল টপকিয়ে দোতলার ৩টি কক্ষের জানালার গ্রিল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। তারা রুমের আসবারপত্র তছনছ করে জাতিসংঘের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন প্রেস সেন্টার হিসটন, ক্যালিফোর্নিয়ার জেপিএল, বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা থেকে কিনে আনা রকেট মডেল, সৌরজগতের মডেল, রিং, ছোট টেলিস্কোপ, বাইনোকুলার, নভোচারীদের হেলমেট, পোশাক, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষাধিক টাকা। মঙ্গলবার সকালে ব্যাপারটি বুঝতে পেরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে তা পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।