কুলাউড়ায় শিশুর হাতে শিশু খুন, আটক ২ শিশু
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১১ জুন ২০১৩, ২১:০৮
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের গনেশ দাসের ছেলে শিশু ওয়ানের ছাত্র রিমন দাস (৬) একই গ্রামের ২ শিশুর হাতে নির্মমভাবে খুন হয়েছে। প্রতিবেশির কাছ থেকে জানা যায়, গত সোমবার রিমন স্কুলে না গিয়ে বাড়ির পাশে খেলা করছিল। ঐ সময় পার্শ্ববর্তী বাড়ির হাবিব মিয়ার ছেলে সামাদ (১৪) ও কলা মিয়ার ছেলে রাহেল (১২) এসে শিশুটির সঙ্গে খেলায় যোগ দেয়। জানা যায়, খেলার এক পর্যায়ে সামাদ ও রাহেল শিশুটিকে পাখির বাচ্চা ধরার কথা বলে রাজনগর উপজেলার হাবিবনগর চা-বাগানের কাছে জঙ্গলে নিয়ে যায়। বিকালে রিমনের ভাই ইমন দাস (৮) স্কুল থেকে বাড়ি ফিরে এলে অভিভাবকরা জানতে পারেন রিমন স্কুলে যায়নি। অনুসন্ধানের সময় রিমনের আত্মীয়রা জানায়, রিমনকে সামাদ ও রাহেলের সঙ্গে যেতে দেখছে। সেই সূত্র ধরে লোকজন মিনারবাজার এলাকা থেকে সামাদকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী জঙ্গল থেকে রিমনের লাশ উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেয়। ঐসময় রাহেল পালিয়ে যায়। এ ব্যাপারে রাজনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে রাজনগর থানার পুলিশ পলাতক রাহেলকে আটক করে।