কম্পিউটেক্সের সেরা পণ্য

বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় কনজ্যুমার ইলেকট্রনিক শো, যেটি কি না প্রযুক্তি বিশ্বের ভবিষ্যত পণ্যগুলোকেই পরিচয় করিয়ে দেয় বিশ্বের সামনে। বিশ্বব্যাপী আর যে কয়েকটি প্রযুক্তি প্রদর্শনীর দিকে নজর থাকে সারা বিশ্বের, তার মধ্যে অন্যতম তাইওয়ানের তাইপে’র কম্পিউটেক্স। এশিয়া অঞ্চলের অন্যতম বৃহত্ প্রযুক্তি পণ্যের প্রদর্শনী এটি। তবে কেবল এশিয়া নয়, সারা বিশ্বের সেরা সব প্রযুক্তি প্রতিষ্ঠানই তাদের নতুন নতুন সব প্রযুক্তি পণ্য নিয়ে হাজির থাকে এই আয়োজনে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। আসুস, এসার, সনি, এনভিডিয়া, ইন্টেল, ক্রিয়েটিভসহ প্রযুক্তি বিশ্বের শীর্ষস্থানীয় সব প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই আয়োজনে। যে কারণে নতুন নতুন সব প্রযুক্তি আর প্রযুক্তি পণ্যের ঘোষণা আর প্রদর্শনীতে মুখরিত হয়ে ওঠে এই আয়োজন। কম্পিউটেক্সে প্রদর্শিত নানা ধরনের পণ্যের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আলোচিত এবং জনপ্রিয়তা পাওয়া কয়েকটি পণ্যের কথা তুলে ধরা হলো এই লেখায়। এসার আইকনিয়া ডাব্লিউ৩ ট্যাবলেট পিসির বাজার সময়ের সাথে সাথে ক্রমেই বাড়ছে। কম্পিউটেক্সেও ছিল বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ে আসা বেশ কয়েকটি ট্যাবলেট পিসি। এর মধ্যে সেরা ট্যাবলেট বলা যায় এসার আইকনিয়া ডাব্লিউ৩কে। উইন্ডোজ ৮চালিত এই ডিভাইসে বিনামূল্যে দেওয়া রয়েছে মাইক্রোসফট অফিস। ১.৮ গিগাহার্জ ইন্টেল অ্যাটম প্রসেসরের শক্তিসম্পন্ন এই ট্যাবলেট পিসির ডিসপ্লে রেজ্যুলেশন ১২৮০ বাই ৮০০। ট্যাবলেট পিসি হিসেবে একে পছন্দের শীর্ষে রাখারই পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। আসুস ট্রান্সফর্মার বুক ট্রায়ো ট্রান্সফর্মার শব্দটি শুনলেই হলিউডের সায়েন্স ফিকশন ছবিটির কথা মনে হয়। বাস্তবে আসুসের ডিভাইসটি কিছুটা হলেও সেই কথাটি প্রমাণ করে দেবে। ট্রান্সফর্মার ট্রায়ো ডিভাইসটি বিশ্বের প্রথম ডিভাইস, যাকে একইসাথে একটি ডেস্কটপ, ল্যাপটপ এবং ট্যাবলেট পিসি হিসেবে। আবার অপারেটিং সিস্টেম হিসেবেও এটি উইন্ডোজ ৮-এর পাশাপাশি অ্যান্ড্রয়েডেও চলবে। মনিটরের সাথে ডেস্কটপ, মনিটর ছাড়া কিপ্যাডের সাহায্যে ল্যাপটপ এবং কিবোর্ড ভাঁজ করে নিয়ে ট্যাবলেট পিসি’র মতোই কাজ করবে এই ডিভাইস। ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোরআই৭ প্রসেসর থাকায় এর কম্পিউটিং ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলার অবকাশ নেই। ক্রিয়েটিভ সেনজেড ওয়েবক্যাম ল্যাপটপ, ট্যাবলেট পিসি বা স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইসগুলোতে বিল্ট-ইন ওয়েবক্যাম থাকলেও ডেস্কটপের জন্য আলাদা ওয়েবক্যামের বিকল্প নেই। আবার বিল্ট-ইন ওয়েবক্যামের বাইরেও অনেকে ভালো রেজ্যুলেশনের ওয়েবক্যাম ব্যবহারে আগ্রহী হন। তাদের জন্য বলা যায় নতুন প্রজন্মের ওয়েবক্যাম কম্পিউটেক্সে প্রদর্শন করেছে ক্রিয়েটিভ। সেনজেড থ্রিডি মডেলের এই ওয়েবক্যাম জেশচার-বেজড। অর্থাত্ শরীরের বিভিন্ন অঙ্গের নড়াচড়া এবং ইশারা সনাক্ত করতে সক্ষম ক্রিয়েটিভের এই ওয়েবক্যাম। এতে ব্যবহার করা হয়েছে দুইটি লেন্স, যাতে করে যেকোনো বস্তুর ‘ডেপথ অব ফিল্ড’ পাওয়া যায় সূক্ষভাবে। শরীরের সূক্ষতম নড়াচড়াও এটি সনাক্ত করতে সক্ষম। হাসওয়েল প্রসেসর ইন্টেল এই কম্পিউটেক্সেই প্রথম প্রদর্শন করেছে তাদের চতুর্থ প্রজন্মের হাসওয়েল প্রসেসর। তৃতীয় প্রজন্মের প্রসেসরগুলোর তুলনায় ৫০ ভাগ কম শক্তি খরচ করলেও এই প্রসেসর গ্রাফিক্স পারফর্ম্যান্সে ২০ ভাগেরও বেশি এগিয়ে থাকবে। এই চতুর্থ প্রজন্মের প্রসেসর ব্যবহার করেই অ্যাপল তাদের নতুন ম্যাকবুক এয়ারে ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করার ঘোষণা দিয়েছে। রেজার ব্লেড ১৪ কম্পিউটেক্সে যে কয়েকটি ল্যাপটপ প্রদর্শন করা হয়েছে, তার মধ্যে সব দিক থেকেই সকলের কাছে জনপ্রিয়তা পেয়েছে রেজারের ব্লেড ১৪। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেলের চতুর্থ প্রজন্মের হাসওয়েল প্রসেসর। পাশাপাশি এনভিডিয়া’র জিফোর্স জিটিএক্স ৭৬৫এম জিপিইউ এর গ্রাফিক্স পারফরম্যান্সকে বাড়িয়ে দিয়েছে অনেকটাই। ১৬০০ বাই ৯০০ রেজ্যুলেশনের এই ল্যাপটপটি পুরুত্ব মাত্র ০.৬৬ ইঞ্চি, যা একে বিশ্বের সবচেয়ে পাতলা গেমিং ল্যাপটপের স্বীকৃতি এনে দিয়েছে। প্রধান প্রধান ক্যাটাগরির এসব পণ্য ছাড়াও আরও নানা ধরনের অ্যাকসেসরিজ আর গ্যাজেটে জমজমাট ছিল এবারের কম্পিউটেক্স।