বোমা হামলায় প্রকম্পিত দামেস্ক
প্রকাশ : ১২ জুন ২০১৩, ২০:৪৫
আত্মঘাতী বোমা হামলায় মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্ক প্রকম্পিত হয়েছে। নগরীর প্রাণকেন্দ্রে ঐ দু’টি হামলায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ৩১ জন আহত হয়েছে। সরকার সমর্থক আল-আকবরিয়া টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দামেস্কের প্রাণকেন্দ্র মারজাহ স্কয়ারে মঙ্গলবার জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। এই ঘটনায় ৩১ জন আহত হয়েছে। প্রতিবেদনে একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে আরো বলা হয়েছে, মারজাহ স্কয়ারে একটি থানার কাছে হামলা দু’টি চালানো হয়। অপরদিকে আন্দোলনকর্মীরা জানিয়েছেন, মঙ্গলবারের দু’টি বিস্ফোরণের একটি থানার ভিতরেই ঘটেছে এবং নিহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এওএইচআর) দামেস্কে বিস্ফোরণগুলোর কথা জানিয়েছে। সংস্থাটি এই ঘটনায় ১৫ জন নিহত হয়েছে বলে উল্লেখ করেছে। এওএইচআর জানায়, এক আত্মঘাতী হামলাকারী থানার ভেতরেই শরীরে বেঁধে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। এরপর থানার বাইরে দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটে। দামেস্কে আত্মঘাতী এবং গাড়িবোমা হামলা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। প্রধানত নিরাপত্তা স্থাপনাগুলো এসব প্রাণঘাতী হামলার লক্ষ্য। এ ধরনের বেশ কিছু হামলার জন্য আল-কায়েদা সংশ্লিষ্ট জাবহাত আল-নুসরাকে দায়ি করা হয়ে থাকে।