দুই যুগ পর কমনওয়েলথ গেমসে আবারো ফিরতে পারে ক্রিকেট। কারণ ২০২২ সালে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেট অন্তর্ভুক্তির আবেদন জানিয়েছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে আইসিসি আবেদন করেছে শুধু মেয়েদের ক্রিকেটের জন্য। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়। এ ব্যাপারে আইসিসি’র প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘কমনওয়েলথ গেমসে ক্রিকেটে অনুপ্রাণিত হয়ে নারীরা আরো বেশি সংখ্যায় উঠে আসবে, এটিই আমাদের প্রধান লক্ষ্য।’
কমনওয়েলথ গেমসে আগেও ক্রিকেট ছিল। ১৯৯৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সর্বশেষ কমনওয়েলথ গেমসে ক্রিকেট ইভেন্ট ছিল। ওই আসরে শুধু ছেলেদের ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল। ৫০ ওভারের সেই আসরে স্বর্ণপদক জিতেছিল দক্ষিণ আফ্রিকা। সেবার খেলেছিল বাংলাদেশও। দক্ষিণ আফ্রিকার গ্রুপেই ছিল আকরাম খানের দল। যদিও গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হেরেছিল বাংলাদেশ। ১৬টি দলের মধ্যে সেবার ১৪-তে থেকে শেষ করেছিল বাংলাদেশ।