পাকিস্তানে ঐতিহাসিক ভবন উড়িয়ে দিয়েছে জঙ্গিরা

পাকিস্তানের সহিংসতা কবলিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শনিবার ভোর রাতে প্রহরীকে গুলি করে হত্যার পর এক ঐতিহাসিক ভবন উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। স্থানীয় ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা নাদিম তাহির এএফপি’কে বলেন, হামলাকারীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে কাঠ দিয়ে নির্মিত ১৯ শতকের জিয়ারত বাসভবনে ঢোকার চেষ্টা করলে প্রহরী বাধা দেয়। এ সময় তারা প্রহরীকে গুলি করে হত্যার পর ওই ভবনে ঢোকে। জঙ্গিরা সেখানে বেশ কয়েকটি বোমা পেতে বেরিয়ে আসে। পরে রিমোটের সাহায্যে এসব বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর এএফপি’র। বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের জিয়ারত শহরে এ ভবন অবস্থিত। পাকিস্তানের জাতির জনক মোহাম্মদ আলী জিন্নাহ তার জীবনের শেষ দিনগুলো এ ভবনে কাটিয়েছেন। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার এক বছর পর জিন্নাহর মৃত্যুর পর এ ভবনকে জাতীয় স্মৃতিসৌধ ঘোষণা করা হয়। অপর পুলিশ কর্মকর্তা আসগর আলী বলেন, জঙ্গিরা বেশ কয়েকটি বোমা পেতে রিমোটের সাহায্যে এর বিস্ফোরণ ঘটায়। তিনি জানান, জিয়ারত ভবনের বারান্দা, মেঝে ও সামনের অংশ কাঠ দিয়ে নির্মিত ছিল। বিস্ফোরণের পর ভবনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। তিনি বলেন, স্থানীয়রা কমপক্ষে চারটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। তবে শহরে অগ্নিনির্বাপণ ব্রিগেড না থাকায় বাইরে থেকে এসে দমকল কর্মীদের আগুন নেভাতে প্রায় পাঁচ ঘন্টা সময় লেগে যায়। হামলার দায়িত্ব এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি এবং কেউ গ্রেফতার হয়নি।