বিশ্বব্যাপী প্রিজম
ধাঁচের নজরদারি
চলছে:অ্যাসাঞ্জ
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২১:১৭
যুক্তরাষ্ট্রের ইন্টারনেট, ফোনে আড়িপাতার গোপন কর্মসূচি পিআরআইএসম (প্রিজম)-এর মতো বিশ্বের অনেক দেশের সরকারও জনগণের ওপর একইরকম নজরদারি চালাচ্ছে, তবে তা যুক্তরাষ্ট্রের মতো অতটা কার্যকর নয়, বলেছেন সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। বৃহস্পতিবার রাতে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে দেয়া এক ভাষণে অ্যাসাঞ্জ এসব কথা বলেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। - খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা উইকিলিকসের প্রতিষ্ঠাতা ভিডিও লিংকের মাধ্যমে ভাষণটি দেন। সিডনি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক আর্ট বিষয়ক ১৯তম আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সমাপনী ভাষণ ছিল এটি। ব্যাপক বিষয় নিয়ে আলোচনা করা তার এই ভাষণে তিনি সামরিক নজরদারি, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে গুগলের সম্পর্ক ও অস্ট্রেলিয়ার রাজনৈতিক দল উইকিলিকস পার্টি নিয়েও কথা বলেন।
তিনি বলেন, “এডওয়ার্ড স্নোডেন তাই প্রকাশ করেছে যার সম্পর্কে আমি অনেকদিন ধরে বলে আসছিলাম, ব্যাপক নজরদারীর কারণে ইন্টারনেট যে সমাজের ব্যক্তিগত দিকগুলোও উন্মোচন করে দিচ্ছে তার পরিষ্কার, বস্তুনিষ্ঠ প্রমাণ তুলে ধরেছেন স্নোডেন।” “এই ব্যাপক গোয়েন্দা নজরদারী, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) তার অংশীদারদের সহযোগিতা করে যাচ্ছে, তা অন্য দেশগুলোও করার চেষ্টা করছে। তবে তারা এনএসআইয়ের মতো কার্যকরভাবে তা করতে পারছে না।” এসব বিষয়ে বলতে গিয়ে অ্যাসাঞ্জ গুগলের বিষয়ে তার এক ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন। গুগলের চেয়ারম্যান এরিক স্মিথ ও তার বান্ধবী লিসা শিল্ডসের সঙ্গে তার সাক্ষাত্ হয়েছিল।