ইস্তাম্বুলের গেজিপার্কে নির্মাণ পরিকল্পনা স্থগিত

তাকসিম স্কয়ারের বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার পর ইস্তাম্বুল শহরের গেজি পার্কের গাছ কেটে বিপণীবিতান বানানোর পরিকল্পনা স্থগিত করেছে তুরস্ক সরকার। আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আর পার্ক উন্নয়ন প্রকল্প চালাবে না বলে সরকারের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন। আদালত সরকারের পরিকল্পনায় সমর্থন দিলে এ প্রকল্প চালানোর ব্যাপারে জনমত নেয়ার জন্য সরকার গণভোট আয়োজন করবে। ইস্তাম্বুল শহরের প্রাচীন ওই পার্কটি এক সময় সেনাদের ব্যারাক হিসেবে ব্যবহার হত। এ পার্ক ভেঙে বিপণীবিতান নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ দেখায় দেশটির জনগণ। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশ অতিরিক্ত শক্তি প্রয়োগ করলে তা দেশটিতে গত দশকের মধ্যে সবচেয়ে বড় সহিংসতায় রূপ নেয়। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান বিক্ষোভকারীদেরকে ওই স্থান ত্যাগ করতে কয়েকবার জোরালো নির্দেশ দেয়ার পর গত বুধবার রাতে পুলিশ তাদেরকে হটিয়ে দেয়। পরের দিন বৃহস্পতিবার রাতে এরদোয়ান আঙ্কারায় বিক্ষোভকারীদের মূল সংগঠন তাকসিম সলিডারিটি গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।