খুলনায় রোহিঙ্গা সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

খুলনায় রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার মাগুর ঘোনার কাঠালীয়া বাজারে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় জড়িত সন্দেহে সাহস ঘোষগাতী গ্রামের চিংড়ি ঘের মালিক মেহেদী মোড়ল ও কাঠালীয়া বাজারের মুদি দোকানদার মধুসুদন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ ।

 

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রোহিঙ্গা সন্দেহে অজ্ঞাত এক বৃদ্ধকে স্থানীয় লোকজন পিটিয়ে আহত করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার কপিলমনি হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

 

স্থানীয় মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব বলেন, নিহত ব্যক্তি রোহিঙ্গা কিনা এখনো জানা যায়নি। তাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে  ডুমুরিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

আরো পড়ুন : কিশোরগঞ্জে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫

এদিকে একই দিন রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া গ্রামে রোহিঙ্গা সন্দেহে পঞ্চাশোর্ধ এক নারীকে গ্রামবাসী আটক করে পিটিয়ে আহত করে। খবর পেয়ে মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে।

 

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে খুলনা ও সাতক্ষীরা গ্রামাঞ্চলে ছেলে ধরা আতংক বিরাজ করছে। বোরকা পরা অপরিচিত নারী-পুরুষ গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ায় গত একসপ্তাহ ধরে এই আতঙ্ক শুরু হয়েছে।

 

ইত্তেফাক/ইউবি