বাঁশ-মাটির রেস্তোরাঁ
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২০:২০
রেস্তোরাঁতে ঢুকতেই চোখে পড়বে কাঠের ছোট এক সাইনবোর্ড, তাতেই নামের কাজটা সেরে ফেলা। ঢুকতেই কয়েক ঘরানার বসার আয়োজন রয়েছে। চাইলে বাগানের মাঝেই বসে পড়ুন। নতুবা খোলা হাওয়াতে। দো-তলায় বৈঠকখানার এক আমেজ। নিচতলায় আবার শীতাতপ নিয়ন্ত্রিত খুব ফরমাল বসার জায়গাও রয়েছে। আব্দুন নাইম মাটির কাজ করতে পারদর্শী, তার সাথে যোগ হয়েছিলেন স্থপতি রিসাল আহমেদ। তাদের নকশাতেই গড়ে উঠেছে পুরো পরিবেশ। আয়েশ করে বসে মেন্যুটাতে চোখ বুলালে বুঝবেন, খাবারের কমতি নেই তাদের। মূলত ইন্ডিয়ান আর কন্টিনেন্টাল খাবারের পসরা নিয়েই বসেছে সয়-থ্রি। কিছুদিন হলো আয়োজনে যুক্ত হয়েছে কাবাব। শুরু থেকেই তাদের স্টেক খুবই জনপ্রিয়। ৫৫০ টাকা থেকে শুরু করে ৭১৫ টাকা পর্যন্ত রয়েছে কয়েক ধরনের স্টেক মিল। চিকেন তান্দুরী রয়েছে ১৪৩ থেকে ৩১০ টাকা পর্যন্ত হরেক স্বাদের। সেই সাথে নান তো থাকছেই। তবে রা সয় থ্রি স্পেশাল নানটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এত ঝামেলায় না যেতে চাইলে রেগুলার মিলের মতো সেট মেন্যুতেও বসে যেতে পারেন। আর আশপাশের শিক্ষার্থীদের কাছে সেটাই বেশি জনপ্রিয়। ২০০ টাকা থেকে শুরু করে সাত-আট ধরনের সেট মেন্যু থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের কোনো মিল। এর বাইরে অতিরিক্ত অর্ডার করতে চাইলে নিতে পারেন চিকেন বা বিফ আইটেমও। ২৫৫ থেকে ৩৫৫ এর মধ্যেই এটা আপনার তালিকায় যোগ হয়ে যাবে। যারা বাচ্চাদের জন্য বিশেষ খাবার চান, নিতে পারেন তাদের কিডস মিল, সেটা যে আপনার সোনামণির পছন্দ হবে বলাই বাহুল্য।
এতকিছুর পরে যখন একটু কোমল পানীয়ের চাহিদা অনুভব করবেন, নিজেকে ঠাণ্ডা করে নিন তাদের কোল্ড কফিতে। এখানকার মিল্কশেকটাও দারুণ পছন্দ করছে অনেকেই। আর বাগানে বসে ফলের জুস খাওয়ার মজাটাই বোধহয় অন্যরকম। ফ্রেস জুস পাবেন ১৭০ টাকায়। রেগুলার কফি ৮৭ টাকা থেকে শুরু, রয়েছে ১৩৫ পর্যন্ত।
এক নজরে
কোথায় :বাসা ৩০, রোড ৩, ধানমন্ডি, ঢাকা
কখন যাবেন :সকাল ১১টা থেকে রাত ১১টা। সপ্তাহে যেকোনো দিন।
বিশেষ আয়োজন :৭০-৮০ জন একসাথে অথবা ছোট পার্টিও করতে পারবেন। কত জনের কেমন আয়োজন, তার উপর ব্যবস্থা করে তারাই করে দেবেন সবকিছু। আগে থেকেই জানানো চাই।
ব্যবস্থাপক বলেন :অন্যতম অংশীদার কাজী রাজিয়া রাজনী বলেন, ‘আমরা খাবারের কোয়ালিটির উপর জোর দিয়ে থাকি। চেয়েছি দামটা সবার নাগালে রাখতে, আর গ্রামীণ একটা পরিবেশ দিতে।’