জি-৮ সম্মেলনে আলোচনার শীর্ষে সিরিয়া সংকট

উত্তর আয়ারল্যান্ডে গতকাল সোমবার থেকে শুরু হওয়া জি৮ সম্মেলনে সিরিয়া ইস্যুটি আলোচনার শীর্ষে রয়েছে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর পাশাপাশি বৈশ্বিক অর্থনৈতিক ইস্যু নিয়েও আলোচনা করবেন পৃথিবীর শীর্ষ আট ধনী দেশের নেতারা। এদিকে রবিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কর মেজ্জেহতে সামরিক বিমানবন্দরের কাছে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। সম্মেলন শুরু হওয়ার আগে রবিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া সঙ্কট নিয়ে আলোচনার লক্ষ্যে বৈঠক করেন। তবে তাদের আলোচনায় তেমন কোন অগ্রগতি হয়নি বলে জানা গেছে। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সরবরাহের যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। ক্যামেরন ও পুতিন দুই নেতা সম্মেলন শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে। জি৮ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য এবং কর আদায়ে স্বচ্ছতার বিষয় দু’টি নিয়ে আলোচনা হবে বলে আশা প্রকাশ করেছেন ক্যামেরন। এছাড়া সম্মেলনে ইরানের মধ্যপন্থী নেতা রোহানির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হবে। সোমবার ও মঙ্গলবার দু’দিনের এই সম্মেলনে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অংশ নিচ্ছে।