বাংলাদেশি ৫৪ পাসপোর্ট (এমআরপি) নিয়ে ২৫ রোহিঙ্গা আটকের ঘটনায় ৪ জনকে গ্রেফতার করে ৪ দিনের রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোরে খিলক্ষেতের মধ্যপাড়া এলাকার কহিনুর ভিলা থেকে রোহিঙ্গাদের আটকের ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় রোহিঙ্গা দম্পতি আইয়ুব ও আসমা আক্তার, ওই বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা ওয়ালিদ হোসেন কাজল এবং দালাল মোশারফ হোসেন সিপনকে রিমান্ডে নিয়েছে। গ্রেফতারকৃত ৪ জনের মধ্যে ২ জন রোহিঙ্গা নাগরিক। বাকি ২৩ রোহিঙ্গা নাগরিককে শনিবার আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। এই ২৩ রোহিঙ্গাকে টেকনাফ ও উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ফেরত পাঠানো হবে।
শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোখলেসুর রহমান বলেন, রোহিঙ্গা দম্পতি বাংলা ভাষা জানেন। তাদেরকে দিয়ে ২৩ রোহিঙ্গাকে বাংলা ভাষা শেখানো হচ্ছিল। বিমানবন্দরে ইমিগ্রেশন অতিক্রম করার সময় যেসব প্রশ্নের উত্তর দিতে হয়-ওই সব ভাষা তাদের শেখানো হয়। আর এই রোহিঙ্গাদের দালাল হিসাবে কাজ করেছেন ইব্রাহিম খলিল। তার বাসা মালিবাগে। কিন্তু ওই বাসায় অভিযান চালিয়ে ইব্রাহিমের মেয়ের স্বামী মোশারফ হোসেন সিপনকে গ্রেফতার করা হয়। সিপনও রোহিঙ্গাদের দালাল হিসাবে কাজ করেন। খিলক্ষেতের ওই বাসা ভাড়া নিয়েছিল ওয়ালিদ হোসেন কাজল। তিনি ইতোপূর্বে বেশ কয়েকজন রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচার করেছেন বলে জানিয়েছেন। তাদের কাছ থেকে উদ্ধার করা ৫৬টি পাসপোর্টের মধ্যে ২টি পাসপোর্ট একই নামে। তবে এই ৫৪টি পাসপোর্ট জাল বা সঠিক কিনা- সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার ২৩ জন রোহিঙ্গাকে ঢাকার আদালতে হাজির করা হলে, তারা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার বিষয়ে জবানবন্দী দেন। পরে তাদেরকে কক্সবাজারে তাদের ক্যাম্পে পাঠিয়ে দেয়া হয়।
পাসপোর্ট নিয়ে রোহিঙ্গারা পাড়ি জমাচ্ছে বিদেশে
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, আইন-শৃঙ্খলা বাহিনী ও ক্যাম্প প্রশাসনে শক্ত নজরদারির অভাবে উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে নারী, পুরুষ ও শিশু পালিয়ে যাচ্ছেন। উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে দালালের মাধ্যমে রোহিঙ্গারা ক্যাম্প থেকে পালাচ্ছেন।
আরো পড়ুন: ‘ফ্লাইট সংকট না কাটলে ২০ হাজার যাত্রী ওমরাহ করতে পারবেন না’
কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের চেয়ারম্যান রশিদ আহম্মদ জানান, তার ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের বেশিরভাগ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাস করছে দীর্ঘদিন থেকে। বিদেশে অবস্থানরত এসব প্রবাসী রোহিঙ্গাদের পাঠানো টাকার বিনিময়ে তারা দালালের আশ্রয় প্রশ্রয়ে ও অতি গোপনীয়তা রক্ষা করে ক্যাম্প ত্যাগ করে। পরে ভুয়া নাম ঠিকানা দিয়ে পাসপোর্ট বানিয়ে বিদেশ পাড়ি জমানোর চেষ্টা অব্যাহত রাখে।
তিনি বলেন, ভুয়া নাম ঠিকানায় বানানো পাসপোর্ট দিয়ে বিমানযোগে বিদেশ পাড়ি জমাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে এ পর্যন্ত ক্যাম্পে ফেরত এসেছে প্রায় দেড় শতাধিক রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু।
পুলিশের কুতুপালং ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ রেজাউল করিম জানান, ক্যাম্পে এ রকম একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। যারা দালালেল মাধ্যমে রোহিঙ্গা যাত্রীদের ভুয়া পাসপোর্ট থেকে শুরু করে বিদেশ পাঠানোর জন্য অতি গোপনীয়তা রক্ষার মাধ্যমে ঢাকায় নিয়ে মাসের পর মাস অপেক্ষা করছে। পরে পুলিশের হাতে ধরা পড়ে আবারও তাদেরকে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।
ইত্তেফাক/এমআই