কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি

দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার কালেক্টরেট সহকারী সমিতির কর্মবিরতি পালিত হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। পিরোজপুর বাংলাদেশ কলেক্টরেট সহকারী সমিতির ডাকে বিভিন্ন দাবিতে পিরোজপুরে দুই ঘণ্টা কর্মবিরতি, বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়। স্থানীয় কলেক্টরেট ভবন চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন প্রধান সহকারী মোকসেদ আলী খান, সমিতির জেলা সভাপতি হুমায়ুন কবির, প্রশান্ত গুহ, আব্দুল মালেক শেখ, রেজাউল করিম, সোহেল রানা প্রমুখ। মৌলভীবাজার পদবি পরিবর্তন ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদবি পরিবর্তন ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করে। এরপর মৌলভীবাজারে জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে অন্দোলনকারীরা। সুনামগঞ্জ পদবি পরিবর্তন ও বেতন স্কেল উন্নীত করার দাবিতে সুনামগঞ্জে ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে জেলা কালেক্টরেট সহকারী সমিতি। কর্মবিরতি চলাকালে জেলা তথ্যসেবা কেন্দ্রের সামনে সভায় বক্তব্য রাখেন নবেন্দু তালুকদার, প্রদীপ রায় প্রমুখ। ঠাকুরগাঁও প্রশাসন বিভাগে কর্মরত অফিস সহকারীদের পদোন্নতির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন, ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকতা-কর্মচারীরা। নেত্রকোনা বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে এবং দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে জেলা ও বিভাগীয় প্রশাসনের প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তনের দাবি বাস্তবায়নের দাবিতে নেত্রকোনা জেলা প্রশাসক অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীবৃন্দ ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে। মানিকগঞ্জ বেতন ভাতা সমন্বয়ের দাবিতে মানিকগঞ্জে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ৩য় শ্রেণীর কালেক্টরেট কর্মচারীরা। গতকাল বুধবার কোর্ট চত্বর থেকে মিছিল বের হয়ে তা কোর্ট চত্বরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। জেলা কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মীর মিরাজ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাসুদুর রহমান রতন, জেলা কমিটির সদস্য মশিউর রহমান, আব্দুল শাহানসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। কাশিয়ানী (গোপালগঞ্জ) কালেক্টরেট তৃতীয় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও তহশীলদার এবং সহকারী তহশীলদার পদধারীদের প্রদানকৃত বেতন স্কেলের ন্যায় তৃতীয় শ্রেণি কর্মচারীদের বেতন স্কেল সমন্বয় করার দাবিতে কাশিয়ানী উপজেলা ভূমি অফিস ও ইউএনও অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করে। রাণীশংকৈল (ঠাকুরগাঁও) বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির আলোকে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনে ৩য় শ্রেণির কর্মচারীদের পদবি পরিবর্তন ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের প্রদানকৃত বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বাকাসস বাংলাদেশ অফিস সুপার কল্যাণ সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল আলম, অফিসার সুপারের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির সকল কর্মচারী কর্মবিরতি পালন করেন। দুর্গাপুর (নেত্রকোনা) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুর উপজেলা নির্বাহীর অফিস ও ভূমি অফিসের ৩য় শ্রেণির কর্মচারীরা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ২ ঘণ্টা কর্মবিরতি পালন করে। আমতলী (বরগুনা) বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) আমতলী উপজেলা শাখার উদ্যোগে বুধবার আমতলী উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিসের উচ্চমান সহকারী, প্রধান সহকারী, সিএ কাম উচ্চমান সহকারী, অফিস সুপার পদে কর্মরতরা তাদের পদবী পরিবর্তনের দাবিতে কর্মবিরতি পালন করেছে। কলমাকান্দা (নেত্রকোনা) নেত্রকোনা জেলার কলমাকান্দা সদরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির উদ্যোগে পদ ও স্কেল পরিবর্তনের দাবিতে ৩য় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি পালন করেছে কলমাকান্দা উপজেলা শাখার সভাপতি সম্পাদক যথাক্রমে শুধাংশু সরকার, মো. জসিমউদ্দিন জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।