ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হানিফ পরিবহনের স্টিকার ও একই ধরনের রং ব্যবহার করে তৈরি একটি নকল বাস জব্দ করা হয়েছে। বাসটি থেকে পেট্রোল, মশাল, ব্যানার-ফেস্টুনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব। অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় একটি বাসে আগুন দেওয়ার চেষ্টার খবর পেয়ে সেখানে যায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা ব্যানার, ফেস্টুন ও মশালসহ হানিফ পরিবহনের আদলে তৈরি বাসটি নিয়ে ঢাকার দিকে চলে যান।
এরপর বাসটির পিছু নেয় পুলিশ। বলিয়াপুর এলাকায় সড়কে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও বাসটি আটক করা সম্ভব হয়নি। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি দিয়ে পথ আটকে বাসটি থামায়। সেখান থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে ট্যানারি ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, হানিফ পরিবহনের স্টিকার ও অনুরূপ রং ব্যবহার করে বাসটি তৈরি করা হয়েছিল। তার দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে এই বাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সরে যাচ্ছিলেন।
ওসি আরও জানান, বাসটির মালিক শ্রমিক লীগ নেতা রুবেল হাওলাদার। গাড়িটি থেকে পেট্রোল, বস্তা কেটে বাঁশের সঙ্গে তৈরি মশাল, ব্যানার-ফেস্টুনসহ নাশকতার কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান সাইফুল আলম। একই সঙ্গে পলাতকদের আটক করতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসে থাকা অন্য ব্যক্তিদের এবং ঘটনার পরিকল্পনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
