বাহুবলে গৃহবধূকে পুড়িয়ে হত্যা

বাহুবলের গৃহবধূ সম্পাকে পুড়িয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। অগ্নিদগ্ধ সম্পা সোমবার সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। জানা যায়, প্রায় ৯ বছর পূর্বে বাহুবল উপজেলার মন্ডলকাপন গ্রামের সোহাগ দেবের কন্যা সম্পা দেবের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ পূর্ব বাজারের বাসিন্দা স্বপন কর্মকারের বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। রিতা জুয়েলার্স নামে স্বপনের একটি স্বর্ণের দোকান রয়েছে। গত কয়েক মাস পূর্বে স্বপনের দোকানে স্বর্ণালঙ্কার চুরি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় স্বপন তার স্ত্রী সম্পার নিকট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে। পিত্রালয় থেকে টাকা এনে দিতে সে চাপ দিতে থাকে। কিন্তু সম্পা এতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে উভয়পক্ষের অভিভাবকদের মধ্যে সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে সম্পাকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়া হয়। কয়েকদিন পূর্বে স্বপন স্ত্রীকে শ্বশুরালয় থেকে আশুগঞ্জ নিয়ে যায়। গত রবিবার রাতে স্বপন শ্বশুরালয়ে মোবাইল ফোনে জানায়, সম্পার শরীরে আগুন লেগে আহত হয়েছে। এ সময় শ্বশুরবাড়ির লোকজন তাকে যথাযথ চিকিত্সা দেয়ার অনুরোধ জানায়। এর কয়েকঘন্টা পর স্বপন পুনরায় জানায়, সম্পাকে বাহুবল উপজেলার পুটিজুরী বাজারে পাঠিয়ে দেয়া হয়েছে। তখন পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় সম্পাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মৃত্যুর পূর্বে সম্পা জানায়, তার স্বামী স্বপন গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সম্পা চিত্কার করলেও সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি।