গৌরনদীর ‘রাজাকার কমান্ডার’র বিরুদ্ধে তদন্ত শুরু

বরিশালের গৌরনদীর কান্ডপাশা গ্রামের ‘যুদ্ধাপরাধী’ ও ‘রাজাকার কমান্ডার’ খ্যাত জালাল হাওলাদারের (৬৮) অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ। বরিশাল হেডকোয়ার্টারের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল মোতালেব স্থানীয় নলচিড়া বাজারে এসে এলাকার লোকজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। এ সময় স্থানীয় লোকজন তার বিরুদ্ধে সাক্ষ্য দেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কান্ডপাশা গ্রামের মোসলেম খান প্রায় দেড় মাস আগে জালাল হাওলাদারের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করেন। অভিযোগে বলা হয় জালাল যুদ্ধ চলাকালে গৌরনদী এলাকার বহু মুক্তিযোদ্ধা ও নিরীহ মানুষ খুন করেছেন। সে স্বাধীনতা পরবর্তী সময়ে, মোসলেম খানের পিতা মৌজেআলী খান ও সহোদর কবির খানসহ বহু লোককে খুন করে। জালাল হাওলাদার তার বিরুদ্ধে আনীত সবক’টি অভিযোগই সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন।