মতলব উত্তর উপজেলা প্রশাসনে ঢিমেতাল

১৪ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে ২০০০ সালে গঠিত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন চলছে ঢিমেতাল। ফলে চরাঞ্চল সমৃদ্ধ বিশাল এই উপজেলার জনসাধারণকে প্রতিনিয়তই দুর্ভোগ পোহাতে হচ্ছে। মতলব উত্তর উপজেলা প্রশাসনের ইউএনও ব্যতীত বাদবাকী কোন কর্মকর্তা সপরিবারে কর্মস্থলে না থাকায় রবিবার কর্মকর্তারা দুপুর ১২টার পর থেকে কর্মস্থলে আসা শুরু করেন। আর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার বেলা ১১.৩০ এর পর থেকে কর্মকর্তারা কর্মস্থল ত্যাগ করতে শুরু করেন। তা ছাড়া এ উপজেলার বেশ ক’টি কর্মকর্তার পদ খালি থাকায় মতলব দক্ষিণ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সেখানে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে তাদের অনেককেই দেখা যায় কেবলমাত্র উপজেলার মাসিক সমন্বয় সভাতেই। গত সোমবার দুপুর ১২.২০ মিনিটের পর থেকে ১২.৪০ মিনিট পর্যন্ত উপজেলা প্রশাসনিক ভবনে ঘুরে দপ্তর খোলা থাকলেও জনস্বাস্থ্য প্রকৌশলী, মহিলা বিষয়ক, যুবউন্নয়ন ও সমাজসেবা কর্মকর্তাকে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে আনসার ভিডিপি, খাদ্যবিভাগ ও বনবিভাগের দপ্তরটি ছিল সম্পূর্ণই তালা বন্ধ।