সুন্দরবনে ৩ দস্যু চাঁদা আদায়কালে আটক
প্রকাশ : ১৯ জুন ২০১৩, ২১:৩২
পশ্চিম সুন্দরবনের শিবসা নদীর কলাগাছিয়া এলাকা থেকে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৩ বনদস্যুকে আটক করেছে। বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকদের মারফত খবর পেয়ে কোস্টগার্ড এ অভিযান চালায়।
কোস্টগার্ডের পশ্চিম (মংলা) জোনের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার এম শফিকুল আলম জানান, পশ্চিম সুন্দরবনের শিবসা নদীর কলাগাছিয়া এলাকায় বুধবার সকালে একদল বনদস্যু জেলেদের কাছ থেকে চাঁদা আদায় করছে-স্থানীয় জনসাধারণের কাছ থেকে এমন খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কবিরুল ইসলাম (২৮), আ. সবুর মোল্লা (২৮) ও রুহুল আমীন (২৬) নামে ৩ দস্যুকে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়। পরে আটককৃত দস্যুদের সাতক্ষীরার শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।