রামগড়ে অপহূত আওয়ামী লীগ নেতা ছাড়া পায়নি

খাগড়াছড়ির মাটিরাঙ্গার বাইল্যাছড়ি থেকে অপহূত গুইমারা থানা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলমকে গত কয়েকদিনেও উদ্ধার করা যায়নি। রবিবার দুপুরে শান্তিচুক্তি বিরোধী একটি উপজাতীয় সংগঠনের সন্ত্রাসীরা মোটরসাইকেল চালকসহ তাকে অপহরণ করে । এদিকে সোমবার অপহরণকারীরা মোবাইল ফোনের মাধ্যমে তার মুক্তিপণ এক কোটি টাকা দাবি করলেও মঙ্গলবার তারা এ মুক্তিপণের পরিমাণ অর্ধেক অর্থাত্ ৫০ লাখ টাকায় নামিয়ে আনে। অপহূতের পুত্র দৈনিক পূর্বকোণ ও সমকালের স্থানীয় প্রতিনিধি মো. হানিফ জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোবাইল ফোনে তার বাবার সাথে তিনি ও তার মায়ের কথা হয়েছে। তিনি ভাল আছেন বলে ফোনে তাদের জানান। অপহরণকারীরা পরিবারের সাথে ৪/৫মিনিট কথা বলার সুযোগ দিলেও তাকে কিভাবে আটক করে রাখা হয়েছে এসবের কিছুই বলতে দেয়নি। জানা যায়, আওয়ামী লীগের দুজন স্থানীয় উপজাতীয় নেতা অপহরণকারীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। অপহূতকে উদ্ধারে তার পরিবারের পক্ষ থেকেই মূলত তারা এ যোগাযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে মঙ্গলবার খাগড়াছড়ির এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলমসহ বিভিন্ন স্তরের নেতারা অপহূত আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন ।