কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে নার্সকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ)। আজ শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালক করে এ দাবি জানায় নার্স অ্যাসোসিয়েশন।
মানবন্ধনে সভাপতিত্ব করেন নার্সেস অ্যাসোসিয়েশন, ঢাকা মেডিক্যাল কলেজ শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন- বিএনএ’র মহাসচিব মো. জামাল উদ্দিন বাদশা, সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি জরিনা খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা পারভীন, স্বাধীনতা নার্সেস পরিষদের মহাসচিব ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
এ সময় মানববন্ধনে ঢাকা মেডিক্যাল কলেজ শাখার (বিএনএ) সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বলেন, ঢাকার ইবনে সিনার নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। সেইসঙ্গে ধর্ষকদের দ্রুত বিচার করে সর্বোচ্চ শাস্তির দাবি নিশ্চিত করা হোক। তিনি আরো বলেন, এ ব্যাপারে কোনো গাফেলতি হলে আন্দোলনের মাধ্যমে বিচার বাস্তবায়ন করা হবে। তিনি এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
আরো পড়ুন: কর্মচারী নির্যাতনের দায়ে নিউজিল্যান্ডে বাংলাদেশি দম্পতির জেল
একইসঙ্গে মানবন্ধনে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক কর্তৃক নার্সকে যৌন হয়রানির বিচার দাবি করা হয়। এছাড়া, সব হাসপাতাল ও স্বাস্থ্যপ্রতিষ্ঠানে নার্সদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
ইত্তেফাক/এমআই